স্বেচ্ছায় নয়, প্রিয়ঙ্কা চোপড়া নাকি বলিউড ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। হিন্দি সিনেমার জগৎ ছেড়ে প্রিয়ঙ্কার হলিউড যাওয়া নিয়ে নানা রকমের জল্পনা রয়েছে। নেপথ্যের কারণ হিসাবে অনেক কিছু শোনাও যায়। অবশেষে এই বিষয়ে নিজেই মুখ খুললেন ‘দেশি গার্ল’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেন, “আমার মনে হয় না, আমি কখনও বলিউড ছেড়ে যেতে চেয়েছি।” তা হলে কেন চলে গেলেন তিনি? এখানে নিজের কাজের পরিসর সীমিত মনে হত প্রিয়ঙ্কার। তাঁর কথায়, “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হত। বেশ কিছু কারণ ছিল তাঁর। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম। শিল্পী হিসাবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম।”
আরও পড়ুন:
এই তাগিদই তাঁকে বাধ্য করেছিল বলিউড ছেড়ে হলিউডে যেতে, দাবি করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, “এই ভাবেই আমি আমেরিকায় কাজ করতে পৌঁছে যাই।” ১২ বছর পরে নিজের সফরের দিকে তাকিয়ে অভিনেত্রী মনে করেন, এই সফর মোটেই মসৃণ ছিল না।
দীর্ঘ সময় পরে ফের ভারতের ছবিতে ফিরছেন প্রিয়ঙ্কা। তবে বলিউড নয়। দক্ষিণের ছবি ‘বারাণসী’তে তাঁর প্রত্যাবর্তন। প্রিয়ঙ্কার কথায়, “আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি।” বলিউড ও দক্ষিণী ছবির জগৎ— দুইয়ের মধ্যে বেছে নিতে বলা হলে প্রিয়ঙ্কার স্পষ্ট জবাব, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।”