তিহাড় জেল থেকে বেরিয়েই বিয়েবাড়ি যান রাজপাল যাদব। ভাইঝির বিয়েতে উপস্থিত থাকতে চেয়েই জামিনের আর্জি জানিয়েছিলেন অভিনেতা। সেই বিয়ের আসরে পৌঁছে মেতে ওঠেন রাজপাল। নিজের গ্রামের সেই বিয়েবাড়িতে অভিনেতাকে আনন্দে নাচতেও দেখা যায়। এ বার ধরা পড়ল অন্য এক দৃশ্য। রাজপালকে আলিঙ্গন করেই কান্নায় ভেঙে পড়েন নববধূ অর্থাৎ অভিনেতার ভাইঝি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, নববধূর চোখে জল। তাঁর বিদায়ের পালা। ভাইঝিকে সান্ত্বনা দিতেও দেখা যায় রাজপালকে। ভাইঝিকে তিনি বলেন, “তুমি তো খুব বুদ্ধিমতী।” বৃহস্পতিবারও একটি ভিডিয়ো ছড়ায়। সেখানে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে আগত মহিলামহলের সঙ্গে নাচছেন তিনি। নেপথ্যে বাজছে সলমন খানের ছবির গান ‘তেরি চুনরিয়া দিল লে গই’। ভিডিয়োটি ছড়িয়ে পড়ে মুহূর্তে।
আরও পড়ুন:
গত ৫ ফেব্রুয়ারি তিহাড় জেলে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণ ফেরত দিতে না পারার অভিযোগ তাঁর বিরুদ্ধে। হাই কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তা খারিজ হয়ে যাওয়ায় তিহাড়ে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল।
বিপদে বলিউডের অনেকেই রাজপালকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। তবে সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি বলতে চাননি, কে কত টাকা দিয়ে সাহায্য করেছেন। সোমবার অন্তর্বর্তী জামিন পান রাজপাল। মঙ্গলবার তিহাড় জেল থেকে বেরিয়ে তিনি বলেন, “জেলে তো সাধারণ মানুষ ও সম্মাননীয় ব্যক্তিদের মধ্যে ভেদাভেদ করা হয় না।” আর সেই কারণেই আরও বেশি করে জেল সংস্কারের প্রয়োজন বলে তাঁর মনে হয়। তবে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সকলকে সমাজমাধ্যমের পোস্টেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।