‘পাইরেসি’ বা ছবির ভিডিয়ো আগাম ফাঁস করে দেওয়া নিয়ে বিনোদনদুনিয়ায় ক্ষোভ অনেক দিনের। সেই ক্ষোভ এ বার প্রকাশ্যে থলপতির বিজয়ের ‘জন নায়কন’ ছবি ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে। দক্ষিণী দুনিয়া খুশি নয় এই ঘটনায়। ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন কমল হাসন, চিরঞ্জীবীর মতো তারকারা। এ বার সরব রজনীকান্ত, বিজয় দেবরকোন্ডা।
উভয়েই প্রতিবাদ জানাতে সমাজমাধ্যমকে বেছে নিয়েছেন। রজনীকান্ত যেমন সরাসরি দুষেছেন সরকারকে। তাঁর ক্ষোভ, সরকার কড়া হাতে এই ধরনের অনৈতিক আচরণ দমন করলে তবেই বিনোদনদুনিয়ার নিস্তার। তবেই ‘পাইরেসি’র কারণে আর ক্ষতিগ্রস্ত হতে হবে না ইন্ডাস্ট্রিকে। বিজয়ের সঙ্গে ঘটা পুরো ঘটনাটিকেই রজনীকান্ত ‘বিস্ময়কর ও অত্যন্ত বেদনাদায়ক’ বলেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)-এ লিখেছেন, “চলচ্চিত্র সংস্থাগুলোর উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। সরকারের উচিত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” ‘কুলি’ অভিনেতার এই বক্তব্য সাড়া ফেলে দিয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। নেটাগরিকেরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে একই ভাবে সুর চড়িয়েছেন বিজয় দেবরকোন্ডাও। থলপতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তাঁকে যারপরনাই ক্রুদ্ধ করে তুলেছে, সমাজমাধ্যমে লিখেছেন বড়পর্দার ‘অর্জুন রেড্ডী’। বিজয়ের বার্তা, “‘জন নায়কন’ ফাঁস হওয়ার ঘটনাটি আমাকে ক্ষুব্ধ করেছে। পেশাজীবনের শুরুতে এমন কিছু ঘটলে যে যন্ত্রণা ও ক্ষতির অনুভূতি হয়, তা আমি ব্যক্তিগত ভাবে অনুভব করেছি। নিজেকে লক্ষ্যবস্তু মনে হয়। আশা হারিয়ে যায়। এটা শুধু আমার একার বিষয় নয়। এর সঙ্গে সহ-অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং আরও অনেকে আছেন, যাঁদের সমস্ত স্বপ্ন ঝুঁকির মুখে পড়ে যায়।”
প্রসঙ্গত, শুক্রবার ‘জন নায়কন’-এর নির্মাতারা সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ভাগ করে নেন। সেখানে তাঁরা ছবিটির ফাঁস হওয়া অংশ না দেখার এবং সাজমাধ্যমে বা অন্যত্র ভাগ না করার অনুরোধ জানিয়েছেন।