গত কয়েক মাসে অভিনেতা রাজপাল যাদবের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। চেক বাউন্স মামলায় তিহাড় জেলে আটক ছিলেন অভিনেতা। জেল থেকে বেরিয়ে কিছুটা হলেও স্বস্তিতে অভিনেতা। রাজপাল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ঘটনার পরে যেন নতুন করে জন্ম হয়েছে তাঁর।
কিছু দিন আগে ‘ভূত বাংলা’ ছবির প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। সেখানেই অভিনেতাকে প্রশ্ন করা হয়, তা হলে কি এখন তিনি একটু নিশ্চিন্ত? দিল্লি হাই কোর্ট থেকে জানানো হয়েছে, আর অভিনেতাকে রাখা হবে না। এই প্রসঙ্গে রাজপাল বললেন, “কী যে স্বস্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে ফিরলাম। কেউ জলে পড়ে গেলে যেমন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তেমনই হয়েছে আমার সঙ্গে। মনে হচ্ছিল গঙ্গায় ডুবে যাচ্ছি।” তবে এ ক্ষেত্রে গোটা বলিউডের প্রশংসা করেছেন অভিনেতা।
রাজপাল যোগ করেন, “দেশের সবাই আমার জন্য যে ভাবে প্রার্থনা করেছেন। সাধারণ মানুষের কাছে আমার ঋণ হয়ে গিয়েছে অনেকটা। তবে এখন মনে হয় আমি যোদ্ধা। এই পরিস্থিতি থেকে যে বেরিয়ে আসতে পেরেছি, মনে হচ্ছে বয়স অনেকটা কমে গিয়েছে।”
চেক বাউন্স মামায় অনেক দিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন রাজপাল। সহ-অভিনেতাদের সাহায্যে, সেই ঋণের অনেকটা অংশই শোধ করে দিয়েছেন তিনি। বাকিটা শীঘ্রই করে দেবেন বলে জানিয়েছেন অভিনেতার আইনজীবী।