রাকেশ বেদী ও সারা অর্জুন পর্দার বাবা-মেয়ে। ‘ধুরন্ধর’ ছবিতে জামালি ও ইয়ালিনার জুটি মন কেড়েছে দর্শকের। কিন্তু, পর্দার বাবার বাস্তবের ‘কীর্তি’ দেখে তাঁর দিকে ওঠে আঙুল। কটাক্ষের শিকার হন রাকেশ। এক অনুষ্ঠানে নাকি সারার উন্মুক্ত কাঁধে চুম্বন করেন রাকেশ। আবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
আরও পড়ুন:
গত বছর নভেম্বরে ‘ধুরন্ধর’ ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা। সেখানেই ঘটে এই কাণ্ড। ‘অফ শোল্ডার’ পোশাকে সে দিন সেজেছিলেন সারা। রাকেশ নাকি সেই অনুষ্ঠানেই উপস্থিত সকলের সামনে সারার খোলা কাঁধে চুম্বন করেন। ব্যস! উপস্থিত ছবিশিকারিরা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ক্যামেরায় বন্দি করেন। ছড়িয়ে দেন সমাজমাধ্যমে। ৭১ বছর বয়সি অভিনেতার এমন কাণ্ডে নিন্দে মন্দ করতে ছাড়েনি নেটপাড়ার একাংশ। সম্প্রতি ‘ধুরন্ধর ২’ মুক্তির সময়েও সেই নিয়ে আলোচনা টাটকা। এই প্রসঙ্গে আবার মুখ খোলেন রাকেশ। অভিনেতা বলেন, ‘‘সারা শুটিংয়ে এসেই আমাকে জড়িয়ে ধরত আর আমি ওর কপালে স্নেহের চুম্বন দিতাম। ও আমার মেয়ের মতো। প্রতিটি দৃশ্যের আগে ওকে বলতাম, ‘আমরা দুর্দান্ত ভাবে দৃশ্যটা করব’। ওই অনুষ্ঠানেও সে ভাবেই ওকে অভ্যর্থনা জানাই।’’ পাশাপাশি যাঁরা রাকেশের বিরুদ্ধে সমালোচনা করছেন, তাঁদের মানসিক স্থিতাবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাকেশের কথায়, ‘‘ওর বাবা-মা সামনে বসেছিলেন। আমি সেখানে কী ভাবে ওকে অসৎ উদ্দেশ্য নিয়ে চুম্বন করব? লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে ছড়াতে হবে বলে যা খুশি ছড়িয়ে দেয়!’’
যদিও রাকেশ খানিক স্বস্তি পেয়েছেন। কারণ, অনেকেই এই ঘটনার পরে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তাঁদের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমার হয়ে কথা বলেছেন। আসলে কিছু মানুষ বসেই থাকে বাজে কথা বলার জন্য। লোকে তো চারটে বাজে কথা বলবেই, সেটাই তাদের কাজ।’’