সইফ আলি খান ও করিনা কপূরের প্রায় ১৪ বছরের দাম্পত্যজীবন। স্বামী সইফের প্রেমে তিনি সবসময় মন্ত্রমুগ্ধ, বরাবর সে কথাই বলে এসেছেন করিনা। অমৃতা সিংহের সঙ্গে বিয়ে ভাঙার পরে করিনার সঙ্গে থিতু হয়েছেন সইফ। তাঁদের দু’জনের দাম্পত্যজীবনের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। কিন্তু, এ বার করিনার কথার বিরুদ্ধে গেলেন সইফ! কী এমন করলেন তিনি?
দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন রাজ কপূরের নাতনি করিনা। অভিনয়জীবনে তিনি শাহরুখ খান, সলমন খান, আমির খানের মতো তাবড় অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। কিন্তু কখনওই নাকি খানেদের মতো পারিশ্রমিক পাননি। এমনকি তাঁর স্বামী সইফের সমপরিমাণ পারিশ্রমিকও নাকি পান না করিনা। শোনা যায়, ২০০৩ সালে ‘কভী অলবিদা না কহনা’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু, শাহরুখের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করায় কাজটি তাঁকে হারাতে হয়। শুধু তা-ই নয়, এই বিষয়ে প্রযোজক কর্ণ জোহরের সঙ্গেও তাঁর মনোমালিন্য হয় বলে শোনা যায়। এ বার কি করিনার এই দাবিকে একপ্রকার নস্যাৎ করলেন সইফ। তিনি বললেন, ‘‘বলিউডে লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিক বিচার করা হয় না। তাঁরাই বেশি পারিশ্রমিক পান, যাঁরা বক্সঅফিসের ব্যবসা এনে দিতে পারেন ও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হন। যিনি দর্শককে প্রেক্ষাগৃহে আটকে রাখতে পারবেন, তিনি তেমন পারিশ্রমিক পাবেন। অঙ্কটা সহজ।’’
সইফ আরও বলেন, ‘‘পুরুষ-নারীর বিচার করে কম-বেশি পারিশ্রমিক হওয়া উচিত নয়। এটি আসলে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে মানুষ স্পষ্ট বুঝতে পারেন কোনও সুপারস্টারের কারণেই প্রেক্ষাগৃহ ভরছে। প্রযোজক তাঁদের মূল্য জানেন, তার ভিত্তিতেই মূল্য দেওয়া হয় এবং তাঁরা বেতন পান।”