আট ঘণ্টার বেশি কাজ করবেন না। জানানোর পর থেকে কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শুটিং করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারিয়েছেন তিনি। মা হওয়ার পরেই এমন নানা শর্ত দিয়েছেন দীপিকা। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে বলিউডে। মা হওয়ার আগেও কি এমন কোনও শর্ত দিতেন দীপিকা? মুখ খুললেন অনন্যা পাণ্ডে।
‘গেহরাইয়াঁ’ ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডেও। তখনও মা হননি দীপিকা। সেই সময় শর্ত দেওয়ার মতো কোনও বিষয়ই ছিল না, জানান অনন্যা। অভিনেত্রীর কথায়, “দীপিকা মা হওয়ার আগে এই বিষয়গুলি ছিল না। ও নিয়মিত কাজ করত, ওয়ার্কশপে উপস্থিত থাকত। কোনও কিছু নিয়েই ওর কোনও অভিযোগ ছিল না। বিশেষ কোনও দাবিও ওর ছিল না।”
দুয়ার জন্মের পর থেকে বদল এসেছে তাঁর মধ্যে। অনন্যা বলেন, “এখন ও মা হয়েছে। বাচ্চাকে দুটো বছর তো অন্তত ওকে সময় দিতে হবে।” দীপিকার সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনন্যা।
আরও পড়ুন:
আট ঘণ্টার কাজের দাবি করে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে প্রথম বাদ পড়েন দীপিকা। এর পরে ‘কল্কি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েন তিনি।
সম্প্রতি লেখিকা শোভা দে এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন। আট ঘণ্টা কাজের বিষয় নিয়ে দীপিকা বলেছেন বলেই এত গুরুত্ব পাচ্ছে। অন্য কোনও নায়িকা এত গুরুত্ব পেতেন না বলে দাবি শোভার। তিনি বলেন, “অন্য কাউকে আমি দেখি না, যাঁরা এই ধরনের শর্ত নিয়ে আলোচনা করতে পারবেন। তাঁদের বদলে সহজেই অন্য কাউকে নেওয়া হবে। ধরুন, যদি রাধিকা আপটে বলেন, ‘আমি শুধু ছয় ঘণ্টা বা চার ঘণ্টা কাজ করব’, তা হলে তাতে কেউ বিশেষ গুরুত্ব দেবে না।”