কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতর সিজিও কমপ্লেক্সে সোমবার উপস্থিত হলেন শ্রেয়া পাণ্ডে। সোনা পাপ্পুর মামলায় তাঁকে তলব করেছিল ইডি। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। এক দিন আগেই ইডির দফতরে উপস্থিত হন তৃণমূলনেত্রী। ইডি সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে এসেছে। তার পরেই তাঁকে তলব করা হয়। শ্রেয়া যদিও সমাজমাধ্যমে দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। সোমবারের জন্য কোনও সমন পাননি। তিনি সোনা পাপ্পুকে চেনেন না বলেও দাবি করেছেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়াকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি এক দিন আগেই চলে যান ইডির দফতরে। এর আগে শ্রেয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত কল্যাণ শুক্লকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর বাড়ি থেকে জমি জালিয়াতির নথি মিলেছিল। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সোনা পাপ্পু-মামলায় মোবাইল-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে চ্যাটে শ্রেয়ার নাম উঠে এসেছে।
যদিও শ্রেয়া সমাজমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, সোমবারের জন্য তিনি কোনও সমন পাননি। তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছেন। আগে জারি হওয়া কোনও সমনও তিনি অমান্য করেননি। শ্রেয়ার আরও দাবি, সোনা পাপ্পুকে তিনি চেনেন না। ওই মামলাতেই গ্রেফতার হয়েছেন ব্যবসায়ী জয় কামদার। তাঁর বাড়িতে কালীপুজোর অনুষ্ঠানে তিন বার গিয়েছিলেন শ্রেয়া। সেখানে অন্য দলের রাজনীতিকেরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবরে বিবাদের ঘটনায় নাম জড়ায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর। তার পর থেকে তাঁর খোজ মিলছিল না। যদিও সমাজমাধ্যমে লাইভ করেছেন তিনি। গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। একই সঙ্গে ব্যবসায়ী জয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। ওই অভিযানে জয়ের বাড়ি থেকে টাকা ছাড়াও একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। রাজ্যে পালাবদলের পরে গত ১৮ মে ইডির দফতরে নিজেই হাজির হন সোনা পাপ্পু। প্রবেশের সময়ে পাপ্পুর দাবি, তিনি কোনও দোষ করেননি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানানো হয়, পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন পাপ্পু। এ বার সোনা পাপ্পু-মামলার তদন্তে শ্রেয়ার নাম উঠে এসেছে বলে খবর।