শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ মাত্রা। ভূকম্পনের অভিঘাতে ফিলিপিন্সে বিভিন্ন জায়গায় বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহতের সংখ্যা শতাধিক। ব্যাপক আতঙ্কও সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে। সোমবার সকালের ভূমিকম্পের পর ফিলিপিন্স-সহ ইন্দোনেশিয়া, জাপান এবং মালয়েশিয়ার বেশ কিছু অংশে সুনামি সতর্কতাও জারি করা হয়। ভূকম্পনের ফলে ধ্বংসযজ্ঞের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় ফিলিপিন্সের জেনারেল সান্তোস শহরের ভয়াবহ দৃশ্য দেখা গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্থানীয় জনপ্রিয় একটি রেস্তরাঁর বহুতল ভবন শক্তিশালী কম্পনের মধ্যে ধসে পড়ছে। ভবনটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে ধুলোর মেঘ পুরো এলাকা ঢেকে ফেলে। প্রাণ বাঁচাতে দৌড়োদৌড়ি শুরু করেন মানুষ। অন্যান্য ভিডিয়োয় আরও বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভেঙে পড়তে দেখা গিয়েছে। কিছু এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে দেওয়ালে বড় বড় ফাটল ধরতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন:
ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। এর কেন্দ্রস্থল ছিল ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চল। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে দক্ষিণ ফিলিপিন্সের বেশ কয়েকটি শহরের মানুষও তাঁদের বাড়ি এবং অফিস থেকে ছুটে বেরিয়ে আসেন। প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং উদ্ধারকারীদল ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। স্থানীয় কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন বলে খবর। এ ছাড়াও, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। কর্মকর্তারা ফিলিপিন্সের কিছু উপকূলীয় এলাকায় এক থেকে তিন মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা করছেন। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু এলাকাতেও সুনামি সতর্কতা জারি হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে উপকূল থেকে দূরে থাকতে এবং উঁচু স্থানে চলে যেতে অনুরোধ করেছেন।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সমস্ত সরকারি সংস্থাকে ত্রাণ এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে কর্তৃপক্ষের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিপিন্সে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ওয়াসিম জ়ইদি’ এবং ‘প্রদীপ ধনওয়াপুর’ নামের দু’টি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োগুলি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভিডিয়োটি ভয়ঙ্কর। বিপজ্জনক ভূমিকম্প। প্রার্থনা করি সবাই যেন নিরাপদে থাকেন।’’