Advertisement
E-Paper

নিগ্রহের শিকার ‘নির্দোষ’ ব্যক্তি, অভিযোগ মিথ্যা দোষারোপের, প্রাণ বাঁচাতে ঝাঁপ চলন্ত ট্রেন থেকে! ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ভোপাল জংশনের কাছে মহামনা এক্সপ্রেসের ভিতরে ঘটেছে এক নৃশংস ঘটনা। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে রঘুবংশী নামে এক অসহায় ও নিরপরাধ ব্যক্তিকে একদল লোক বিবস্ত্র করে মারধর করে এবং মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ। প্রাণভয়ে ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোপাল জংশনের কাছে মহামনা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। ট্রেনের ভিতরে এক ব্যক্তিকে নৃশংস ভাবে মারধর করা হয় এবং ট্রেন থেকে লাফ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ওই ব্যক্তি নিরপরাধ বলেও দাবি করা হচ্ছে।

এক্স-এ (সাবেক টুইটার) ‘রমেশ_তিওয়ারী’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের দরজার পাদানিতে ঝুলছেন এক ব্যক্তি। তাঁর জামাকাপড়ের অবস্থা ঠিকঠাক নেই। সেই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমার মেয়ের নামে শপথ করছি। আমার বাবার নামে শপথ করছি, যদি আমি কোনও অন্যায় করে থাকি। ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। ভাই, আমি কিছুই করিনি। আমি তো শুধু ওর পাশে বসে ছিলাম। আমি কিছুই করিনি।” তিনি আরও বলেন, “যে অন্যায় কাজ করে, সে ভয় পায়, আমি তো ভয় পাইনি।” যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ভোপাল জংশনের কাছে মহামনা এক্সপ্রেসের ভিতরে ঘটেছে এই ঘটনা। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের জেরে রঘুবংশী নামে এক অসহায় ও নিরপরাধ ব্যক্তিকে একদল লোক বিবস্ত্র করে মারধর করে এবং মানসিক নির্যাতন চালায় বলে অভিযোগ। সেখানে আরও লেখা হয়েছে যে, প্রাণভয়ে আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন। তিনি গুরুতর আহত বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির ন্যায়বিচারের দাবিও উঠেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, অপরাধীদের এখনও চিহ্নিত করা যায়নি। এই ঘটনার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও স্থানীয় পুলিশের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি উঠেছে। ট্রেনের ভিতরে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

‘রেলওয়ে_সেবা’র এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে যে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা দ্রুত সহায়তা করতে চায়। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সেই ব্যক্তির যাত্রার বিবরণ (পিএনআর/ইউটিএস নম্বর) এবং মোবাইল নম্বর জানতে চাওয়া হয়েছে। সরাসরি https://railmadad.indianrailways.gov.in-এ অথবা ১৩৯ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যেতে পারে।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে নেটপাড়ায়। অনেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। সকলেই অভিযুক্তদের শনাক্ত করে আইনি পদক্ষেপ করার দাবি তুলেছেন।

railway Bhopal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy