সনাতন ধর্মমতে, একাদশীর পুণ্য তিথিতে ভগবান বিষ্ণুর আরাধনা এবং মন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীতে বিষ্ণু মন্ত্র পাঠ করলে আধ্যাত্মিক, মানসিক এবং জাগতিক— সব দিক থেকেই ইতিবাচক সুফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। একাদশী তিথিতে বিষ্ণু মন্ত্র পাঠ করলে যে উপকারিতা পাওয়া যায় তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
পাপ ক্ষয়
একাদশী তিথিতে নিষ্ঠাভরে বিষ্ণু মন্ত্র জপ করলে পূর্বকৃত সমস্ত পাপ এবং নেতিবাচক কর্মের প্রভাব দূর হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়।
মানসিক স্থিরতা
মন্ত্রের কম্পন এবং জপ করার প্রক্রিয়া মনকে শান্ত করে। এটি মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অস্থিরতা দূর করে গভীর প্রশান্তি এনে দেয়।
মুক্তি লাভ
শাস্ত্রমতে, একাদশীতে বিষ্ণু স্মরণ এবং জপ মানুষকে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে মোক্ষ প্রাপ্তিতে সহায়তা করে।
আরও পড়ুন:
ইতিবাচক শক্তির প্রভাব
একাদশী তিথিতে নিয়মিত বিষ্ণু মন্ত্র জপ করলে ঘরের চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে সুখ-শান্তির পরিবেশ তৈরি হয়।
লক্ষ্মীদেবীর কৃপা লাভ
ভগবান বিষ্ণুর আরাধনা করলে তাঁর অর্ধাঙ্গিনী দেবী মহালক্ষ্মী অত্যন্ত প্রীত হন। এর ফলে সংসারে আর্থিক অনটন দূর হয় এবং সমৃদ্ধি আসে।
আত্মবিশ্বাস তৈরি হওয়া
বিষ্ণু মন্ত্রের প্রভাবে মনের ভয়-ভীতি দূর হয় এবং এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষাকবচ তৈরি হয়, যা দৈনন্দিন জীবনের বাধা-বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করে।
আরও পড়ুন:
একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে, পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসে শান্ত মনে জপ করা সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যদি সম্ভব হয়, জপের সময় একটি তুলসী পাতা বা তুলসীর মালা ব্যবহার করতে পারেন।
‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’
এটি বিষ্ণুকে নিবেদিত অন্যতম শ্রদ্ধেয় মন্ত্র। ভক্তেরা অন্তরের শান্তি, মানসিক ভারসাম্য এবং আধ্যাত্মিক স্বচ্ছতার জন্য এই মন্ত্রটি জপ করেন। একাদশীর দিনে এই মন্ত্রটি একাগ্র প্রার্থনার জন্য আদর্শ বলে মনে করা হয়।
আরও পড়ুন:
‘ওঁ নমো নারায়ণায়’
এটি একটি গভীর প্রশান্তিদায়ক মন্ত্র, যা ঐশ্বরিক সুরক্ষা এবং আত্মসমর্পণের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে, একাদশীতে এই মন্ত্র জপ করলে অস্থির মন শান্ত হয় এবং ভক্তিভাব জাগ্রত হয়। অনেকেই শান্তিপূর্ণ সূচনার জন্য সকালের প্রার্থনার সময় এই মন্ত্রটি বেছে নেন।
হরেকৃষ্ণ মহামন্ত্র
বিষ্ণুর ভক্তদের মধ্যে এই মন্ত্র জপ বিশেষ ভাবে জনপ্রিয়। বিশ্বাস করা হয় যে, এই মন্ত্র জপ করলে হৃদয় শুদ্ধ হয়, জাগতিক আকর্ষণ কমায় এবং ঈশ্বরের সঙ্গে সংযোগকে দৃঢ় করে। মনোযোগ এবং ভক্তি সহকারে এই মন্ত্র জপ করলে দিনটিকে আরও আধ্যাত্মিক ভাবে পরিপূর্ণ মনে হতে পারে।