‘টাইগার ৩’ ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সলমনের সঙ্গে তাঁর বিশেষ অ্যাকশন দৃশ্যের জন্য মুম্বইয়ের ‘যশরাজ স্টুডিয়ো’তে জোরকদমে চলছে সেট তৈরির কাজ। শোনা যাচ্ছে, আগামী মাসেই ছবির বিশেষ দৃশ্যের শুটিং করবেন দুই খান। প্রায় দু’সপ্তাহ ধরে চলবে সেই শুটিং।
এ বার নতুন খবর ছড়িয়ে পড়েছে মায়ানগরীর অন্দরে। ‘টাইগার ৩’ ছবিতে সলমন এবং শাহরুখকে কী ভাবে দেখা যাবে, সেই তথ্যও ফাঁস হয়ে গিয়েছে। সূত্রের মতে, নির্মাতারা শাহরুখ ও সলমনকে নিয়ে ছবিতে জেল থেকে পালানোর একটি দৃশ্য রাখা হয়েছে। গল্পের প্রয়োজনে টাইগারকে জেল থেকে পালাতে হবে। বন্ধুকে সাহায্য করতেই সেখানে হাজির হবে পাঠান। শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে, জনপ্রিয় ভারতীয় ব্যায়ামবীর ভরিন্দর সিংহ ঘুমন রয়েছেন এই বিশেষ দৃশ্যে। জেলের মধ্যে তাঁর চরিত্রটিই খলনায়ক। শাহরুখ এবং সলমন ভরিন্দরের সঙ্গে লড়াই করেই জেল থেকে পালাবেন।
আরও পড়ুন:
বোঝাই যাচ্ছে ‘পাঠান’ এর মতোই ‘টাইগার ৩’ ছবিতেও ক্যামিয়ো চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ‘পাঠান’-এ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে হাজির হয়েছিলেন সলমন। ফলে দর্শকের কাছে ছবিটি আরও উপভোগ্য হয়ে উঠেছিল। একই নীতিতে সলমনের ছবিতেও শাহরুখের উপস্থিতিকে বড় আকারেই তৈরি করতে চাইছেন নির্মাতারা।
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির। ছবিতে টাইগারের চরিত্রে ফিরছেন সলমন খান। জ়োয়ার চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কইফকে। অন্য দিকে, এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি।