তিনি রুপোলি পর্দার নায়ক। তবে তাঁর জীবন সিনেমার থেকে কম কিছু নয়। তাঁর জীবনে ওঠাপড়া প্রচুর। মন ভাঙা থেকে বিতর্ক— সবেতেই যেন ঠাসা সলমনের জীবন। যে যে বিতর্ক জড়িয়েছেন তিনি, তার মধ্যে অন্যতম কৃষ্ণসার হত্যার অভিযোগ। এ বার সেই বির্তক নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক ভরত এস শ্রীনাত। ছবির নাম ‘কালা হরিণ’। তা নিয়ে এ বার পাল্টা ফুঁসে উঠলেন সলমন।
আরও পড়ুন:
একই ছবিতে বিশ্নোই ও সলমন খান। এমনই দাবি করেছেন এই ছবির প্রযোজক। তিনি বলেন, ‘‘১৯৯৮ সালে জোধপুরের কাকানি গ্রামে সলমন খানের কৃষ্ণসার শিকারের অভিযোগ নিয়ে একটি রহস্য-রোমাঞ্চমূলক ছবি হবে। লরেন্স বিশ্নোই এবং সলমন খানের দ্বন্দ্বটি চিত্রায়িত করা হয়েছে। শুটিং হয়েছে উত্তরপ্রদেশের সম্ভল, মোরাদাবাদ এবং অন্যান্য শহরে।’’
ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে শনিবার। প্রচার-ঝলক মুক্তি পাবে ২০ জুন। ছবির বিষয়বস্তু প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে বলিউড। ছবির প্রযোজক আরও জানান, সলমনের টিম থেকে নাকি বার বার চাপ দেওয়া হচ্ছে ছবিটির মুক্তি না দেওয়ার জন্য। শুধু তা-ই নয়, অভিনেতার টিম থেকেও নাকি হুমকি দেওয়া হচ্ছে এই ছবি নিষিদ্ধ করার।
বিশ্নোই আর সলমনের ‘শত্রুতা’ আজ সর্বজনবিদিত। সলমনকে একাধিকবার মৃত্যু হুমকিও দিয়েছে লরেন্স বিশ্নোই। এ বার সেই বিতর্কই খুঁচিয়ে কি ঘা করতে চাইছেন পরিচালক? তাঁর আসন্ন ছবিতেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে। তবে সলমনের চাপে ছবিটি শেষপর্যন্ত মুক্তি পাবে কি না, সেটাই আপাতত দেখার।