দিনকয়েক আগেই ছবিশিকারিদের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন সলমন খান। হাসপাতালের সামনে ছবি তোলায় একহাত নিয়েছিলেন ভাইজান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, ছবিশিকারিরা প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। এর পরে সোমবার হঠাৎই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন সলমন। ঠিক কী হয়েছিল, তা যদিও স্পষ্ট নয়। তবে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।
সোমবার সকাল থেকে উধাও হয়ে যান সলমন। ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। কেউ কেউ অনুমান করেন, ভাইজানের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অনেকে আবার ধরে নেন, কোনও কারণে অসন্তুষ্ট হয়েছেন বলেই অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। তবে বেশি ক্ষণ নয়। কিছু ক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামে ফিরে আসেন অভিনেতা। তবে ফেরার পরে কোনও বিবৃতি দেননি তিনি। যদিও এতেই স্বস্তি পান সলমন-ভক্তেরা।
আরও পড়ুন:
গত মঙ্গলবার রাতে এক পরিচিতকে দেখতে হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন সলমন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান ছবিশিকারিরা। বাইরে বেরিয়ে এত ক্যামেরা দেখেই মেজাজ গরম হয়ে যায় সলমনের। হাসপাতালের সিঁড়ি থেকে নামতে নামতেই ক্ষোভ প্রকাশ করেন সলমন। আলোকচিত্রীদের উদ্দেশে জেলে ঢোকানোর চ্যালেঞ্জও দেন! চিৎকার করে বলেন, তাঁকে ‘বিক্রি’ করে টাকা রোজগার করলে, এর ফল নিয়ে সতর্ক থাকতে হবে। এমন হুঁশিয়ারিও দেন তিনি।
এর পরে তিনি নিজের সমাজমাধ্যমেও স্পষ্ট করে দেন, ‘‘যদি কোনও হাসপাতালের সামনে আমার কষ্ট দেখে সংবাদমাধ্যমের কাউকে আনন্দ পেতে দেখি, বিশেষত সেই সব সংবাদমাধ্যম, যাদের পাশে আমি সব সময়ে দাঁড়িয়েছি, যোগাযোগ রেখেছি, যাদের রুজি-রোজগারের বিষয়টি নিশ্চিত করেছি, তাদের বলছি। আজ যদি তারা আমার যন্ত্রণা বেচে টাকা রোজগার করতে চায়, আমি মোটেই তা মেনে নেব না। তাতে যদি জেলে ঢোকার ভয় দেখান, দেখাতে পারেন। ভয় পাই না।’’