পিঠে ব্যাগ নিয়ে চলন্ত ট্রেনের তলা দিয়ে লাইন পারাপারের চেষ্টা! বিপজ্জনক কাণ্ড ঘটাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের রক্ষা পেলেন দুই তরুণী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেল ক্রসিংয়ের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে একটি পণ্যবাহী গাড়ি। ট্রেনটির গতি ধীর হলেও চলছে সেটি। দু’পাশের রেলগেট বন্ধ রয়েছে। ট্রেনটি পেরিয়ে যাওয়ার অপেক্ষা করছেন মানুষজন। এমন সময় একটি অবিশ্বাস্য কাজ করে বসেন দুই তরুণী। ট্রেনের গতি ধীর হওয়ায় পিঠে ব্যাগ নিয়ে তার তলা দিয়েই লাইন পেরোনোর চেষ্টা করেন তাঁরা। সাবধানে পেরিয়েও যান। হাসতে শুরু করেন। তবে তাঁরা পেরিয়ে আসার পরের মুহূর্তেই গতি বাড়ায় ট্রেনটি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তরুণীদ্বয়। লাইনের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষও আতঙ্কিত হয়ে পড়েন দুই তরুণীর কাণ্ড দেখে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ছপরা জিলা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়ে এবং ক্ষোভপ্রকাশ করে দুই তরুণীর নিন্দায় সরব হয়েছেন তাঁরা। সচেতনতা এবং শিক্ষা থাকা সত্ত্বেও মানুষের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কয়েক সেকেন্ড বাঁচাতে গিয়ে দুই তরুণীর পুরো জীবনটাই চলে যেতে পারত।” আর এক জন মন্তব্য করেছেন, ‘‘প্রতি দিনই দুর্ঘটনা ঘটে, তবুও মানুষ শিক্ষা নেয় না এবং একই ধরনের আচরণ করে।’’