দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, মা হওয়ার পরে শর্ত দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তার পর থেকে একাধিক কাজ হারিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বলিউডের অনেকেই মত প্রকাশ করেছেন। সম্প্রতি দ্বিতীয় বার মা হওয়ার খবর দিয়েছেন দীপিকা। অনেকেই তার পরে বলছেন, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি যথাযথ। এই প্রসঙ্গে কী বলছেন সমীরা রেড্ডী?
বর্তমানে নতুন ছবি ‘আখরি সওয়াল’-এর প্রচার নিয়ে ব্যস্ত সমীরা। একটি সাক্ষাৎকারে আট ঘণ্টার কাজের শিফ্ট নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী। আট ঘণ্টার কাজের দাবি নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে। এই প্রসঙ্গে সমীরার বক্তব্য, এটা খুবই কঠিন সিদ্ধান্ত এবং তিনি কোনও একটি পক্ষ নিতে পারবেন না।
প্রতিটি কর্মস্থলের কিছু নির্দিষ্ট প্রত্যাশা থাকে বলে মনে করেন সমীরা। সেই সঙ্গে তিনি এ-ও মনে করেন, নতুন মায়েদেরও কিছু সীমাবদ্ধতা থাকে। অভিনেত্রীর কথায়, “পছন্দ-অপছন্দেরও একটা বিষয় থাকে। কেউ যাতে নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী চলতে পারেন, সেই সুযোগ কর্মস্থলেরও দেওয়া উচিত। তবে এটা এখনও আমাদের দেশে বিলাসিতা হিসাবে দেখা হয়। তাই এখনই মহিলারা আট ঘণ্টার কাজের দাবি করবেন, এমনটা খুব সহজ নয়। দুটো দিকেই সমতা রাখতে হয়, আর সেটা কঠিন।”
নিজের অভিজ্ঞতা নিয়ে সমীরা বলেন, “আমি যখন সন্তানের জন্ম দিয়েছিলাম, তখন কিন্তু বেশ কিছু দিন কাজ করিনি। এটা একান্ত আমার নিজের সিদ্ধান্ত ছিল। তাই আমি কোনও এক পক্ষ নিতে পারি না। আমি দু’পক্ষই বুঝি।” সমীরা জানান, তিনি নিজের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারবেন, এমন কাজই বেছে নেবেন। তিনি আরও বলেন, “প্রতিটি মা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কারণ এটা সত্যিই কঠিন সিদ্ধান্ত। কিন্তু সত্যি বলতে, ‘আখরি সওয়াল’-এর নির্মাতারা যখন আমাকে একটু বেশি সময় দিতে বলেছিলেন, আমি দিয়েছি। আমি পেরেছি, তাই সময় দিয়েছি। আমি বুঝি প্রযোজকের দিকটাও। কখনও কখনও মানিয়ে নিতে হয়। প্রতিদিন তো তাঁরা এমন অনুরোধ করেন না।”