হরিয়ানার নৃত্যশিল্পী তিনি। ‘তেরি আঁখো কা ইয়ে কাজল’ গানে নাচের পর আর ফিরে তাকাতে হয়নি। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন স্বপ্না চৌধুরী। এরপর, ‘বিগ বস ১১’ এর প্রতিযোগী হয়ে রীতিমতো প্রচারের আলোয় চলে আসেন তিনি। ২০২০ সালে অতিমারির সময় চুপিচুপি বিয়ে করেন স্বপ্না। দুই সন্তান রয়েছে তাঁর। এ বার স্বপ্নার সেই বিয়ে ভাঙতে চলেছে। স্বপ্না তাঁর স্বামী বীর সাহুর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে বার বার গায়ে হাত তোলার অভিযোগ এনেছেন। এরই প্রেক্ষিতে, নয়াদিল্লির দ্বারকা মহিলা আদালত তাঁকে গার্হস্থ্য সহিংসতা থেকে নারীদের সুরক্ষা আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছে।
আরও পড়ুন:
আগামী ১০ জুন স্বপ্নার নতুন ছবি ‘মোমাচু’-র প্রিমিয়ার রয়েছে। আর তার আগে আদালতের তরফে সুরক্ষা কবচ পেলেন অভিনেত্রী। স্বপ্নার আইনজীবী প্রীতি সিংহ জানিয়েছেন যে দ্বারকা মহিলা আদালত স্বপ্নার স্বামীকে স্ত্রীর কাছে যাওয়া বা যোগাযোগ করা এবং তাঁর বাসভবন, কর্মস্থল বা চলচ্চিত্রের প্রিমিয়ারের স্থানে যাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। আইনজীবী বলেন, ‘‘যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই আমরা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকব এবং বিচার প্রক্রিয়ার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’’
এক সময়ে ৩ হাজার ১০০ টাকার বিনিময়ে শো করা স্বপ্না এখন এক একটি অনুষ্ঠান করতে পারিশ্রমিক নেন ২৫ থেকে ৫০ লক্ষ টাকা। এক সময়ে অনটনের সঙ্গে লড়াই করা স্বপ্না আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। শুধু তাই-ই নয়, তাঁর বিলাসবহুল বাংলো যেমন রয়েছে, তেমন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিকও তিনি। স্বপ্নার গ্যারাজে রয়েছে অডি কিউ৭, ফোর্ড এবং বিএমডব্লিউ৭ সিরিজের মতো ৫০ লক্ষ থেকে আড়াই কোটির বিলাসবহুল গাড়ি। বিলাসবহুল বাংলো রয়েছে দিল্লির নজফগড়ে। এক এক সময় এক একটি গাড়ি চালাতে দেখা যায় স্বপ্নাকে। দামি পোশাক, দামি ঘড়িও তাঁর অন্যতম শখ।
তবু ব্যক্তিগত জীবনে টানাপোড়ন লেগেই রয়েছে তাঁর। স্বপ্নার স্বামী বীর সাহু হরিয়ানার জনপ্রিয় গায়ক, লেখক এবং অভিনেতা। তিনি ‘বব্বু সিংহ’ নামে পরিচিত। বব্বুও তাঁর গান এবং মিউজিক ভিডিয়োর মাধ্যমে কোটি টাকা আয় করেন।