Advertisement
E-Paper

সন্তান, সংসার ও ব্যবসা নিয়ে কাটছে দিন! এ বার ক্যাটরিনা কইফ এক নতুন সিদ্ধান্ত নিলেন

ক্যাটরিনাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালের ছবি ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। বিজয় সেতুপতির বিপরীতে ছিলেন তিনি। অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ২০:৩৫
Katrina Kaif reportedly planning to make comeback in acting

অভিনয়ে ফিরবেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

গত বছর মা হয়েছেন ক্যাটরিনা কইফ। তবে তার বেশ খানিক আগেই অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান ও ব্যবসা— এই তিন নিয়েই কাটছিল তাঁর সময়। এ বার কি নতুন কোনও সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

ক্যাটরিনাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালের ছবি ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। বিজয় সেতুপতির বিপরীতে ছিলেন তিনি। অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছিলেন। কিন্তু এর পর তিনি আর কোনও নতুন ছবির কাজ নেননি। আড়ালে থেকেছেন বেশ কিছুটা সময়। ২০২৫ সালের নভেম্বর মাসে মা হন ক্যাটরিনা। কোলে আসে পুত্রসন্তান। অনেক দিন আড়ালে থাকার পরে ফের অভিনয়ে ফিরতে চলেছেন ক্যাটরিনা। তবে বড়পর্দা নয়। জানা যাচ্ছে, ওটিটি-র কোনও কাজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।

বলিউডের এক সূত্র জানিয়েছেন, “কিছু দিন ধরে ক্যাটরিনা কইফ আবার বিভিন্ন ছবির চিত্রনাট্য পড়তে শুরু করেছেন। শোনা যাচ্ছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরতে চান। তবে তিনি এমন একটি গল্প খুঁজছেন, যেখানে সময় দিলে আদতে ভালই হবে। সেই কারণেই তিনি ওটিটি-র কাজের দিকেও নজর দিচ্ছেন। কারণ, সেখানে অভিনয় করার ভাল সুযোগ পাওয়া যায়।”

সূত্র আরও জানিয়েছেন, ক্যাটরিনা কোনও তাড়াহুড়ো করে নতুন কাজ নিতে চান না। তাঁর অগ্রাধিকার এখন ব্যক্তিগত জীবন। সন্তানকেও সময় দিতে চান। তার পাশাপাশি ভাল কোনও ছবিতে কাজ করতেও ইচ্ছুক তিনি। ক্যাটরিনা এখন তাঁর মাতৃত্বের সময়টা উপভোগ করছেন। স্বামী ভিকি কৌশল এবং ছেলেকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ব্যস্ত তিনি।

দিন কয়েক আগে পারিবারিক ছুটির কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। প্রতিদিন কফি খেতে খেতে, একরত্তি পুত্রের সঙ্গে সময় কাটাতে, ভিকির সঙ্গে খুনসুটিতে সময় কাটে ক্যাটরিনার। একাধিক ছবিতে নিজের লম্বা ঘন কালো চুলের প্রদর্শনও করেছেন অভিনেত্রী। তাঁর এ হেন জীবনযাপন দেখে মুগ্ধ হন অনুরাগীরা। নিজের জীবনে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তাই তাঁর জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহও বেশি। সেই জন্যই ছবিগুলি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি তাঁর।

বহু দিন ধরেই অনুরাগীদের প্রশ্ন, কবে আবার অভিনয়ে ফিরবেন ক্যাটরিনা? তিনি ওটিটি-তে ফিরলে তাঁরা যে খুবই খুশি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ‘মেরি ক্রিসমাস’ ছাড়াও ক্যাটরিনার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’, ‘নিউ ইয়র্ক’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘জব তক হ্যায় জান’, ‘রাজনীতি’।

Katrina Kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy