Advertisement
E-Paper

বদলে যাচ্ছে ‘জী লে জ়রা’ ছবির নায়িকারা? দেখা যাবে না ক্যাটরিনা, প্রিয়ঙ্কা ও আলিয়াকে?

২০২১ সালে তিন নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ ও আলিয়া ভট্টকে নিয়ে একটি ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ফরহান আখতার। ছবির নাম ‘জী লে জ়রা’। আদৌ কি সেই ছবি দিনের আলো দেখবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৯
ক্যাটরিনা, প্রিয়ঙ্কা ও আলিয়াকে দেখা যাবে না ছবিতে?

ক্যাটরিনা, প্রিয়ঙ্কা ও আলিয়াকে দেখা যাবে না ছবিতে? ছবি: সংগৃহীত।

পাঁচ বছর ধরে একটি ছবি নিয়ে জল্পনা চলছে। কিন্তু শেষ পর্যন্ত সেই ছবির ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়। ২০২১ সালে তিন নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ ও আলিয়া ভট্টকে নিয়ে একটি ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ফরহান আখতার। ছবির নাম ‘জী লে জ়রা’। আদৌ কি সেই ছবি দিনের আলো দেখবে? নাকি বদলে যাচ্ছে তিন নায়িকাই? মুখ খুললেন ফরহান।

ছবি নিয়ে কোনও রাখঢাক করেননি। কোনও গোপনীয়তাও বজায় রাখতে চাননি বলে দাবি ফরহানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ঠিক সময়ে এই ছবি সংক্রান্ত খবর তিনি প্রকাশ্যে আনবেন।

ক্যাটরিনা, প্রিয়ঙ্কা ও আলিয়া নন? অন্য কেউ অভিনয় করবেন এই ছবিতে? উত্তরে ফরহান বলেন, “নানা রকমের গুজব ছড়িয়েছে এই ছবি নিয়ে। কিন্তু ছবি তৈরি নিয়ে আমি কোনও রকম গোপনীয়তা রাখতেই পছন্দ করি না। যখনই মনে হয়েছে কোনও বিষয়ে আমি প্রস্তুত, আমি সেটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি। এই ছবির ক্ষেত্রেও আমি সেটাই করব।”

ফরহানের ছবি ‘ডন ৩’ নিয়েও অনিশ্চয়তা বজায় রয়েছে। অভিনেতা তথা পরিচালকের কথায়, "আমি আজকাল ভাবতে চাই, পরিচালক হিসাবে এর পরে আমি ঠিক কী করতে চাই।”

‘জী লে জ়রা’ ছবির শুটিং প্রাথমিক ভাবে শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালে, করোনার প্রকোপ কাটিয়ে ওঠার পর। কিন্তু, তা হয়নি। এখন শোনা যাচ্ছে, এই কাজ আর হবে না। কেন? তিন তারকা একসঙ্গে সময় দিতে পারছেন না বলেই জানা গিয়েছিল।

২০২৫-এ এক অনুষ্ঠানে এসে ‘জী লে জ়রা’ নিয়ে চলা সমস্ত গুঞ্জনের উত্তরে ফরহান বলেছিলেন, “ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলতে চাই না। যেটা বলতে পারি, তা হল, আপাতত এর কাজ স্থগিত রাখা হয়েছে। ছবিটা হবেই।” তিনি আরও বলেছিলেন, “চিত্রনাট্যটা ভীষণই লোভনীয়। অনেকটা কাজ এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুটিংয়ের জায়গা ঠিক করে ফেলেছি, গান রেকর্ড করা হয়ে গিয়েছে। সকলে একত্রিত হয়ে বাকিটা করা এখন সময়ের অপেক্ষা।” তখনই ফরহান নিশ্চিত করেছিলেন, ছবিটি হবেই। কিন্তু সত্যি কি বদলে যাচ্ছেন অভিনেত্রীরা? তা অবশ্য সময়ই বলবে।

Katrina Kaif Alia Bhatt Priyanka Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy