Advertisement
E-Paper

পাপ-পুণ্যের হিসাব কষার পালা ‘জওয়ান’-এর! শেষমেশ কবে মিলবে ঝলক? তারিখ ফাঁস করলেন বাদশা

প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের এই ছবি। তার আগে ট্রেলার মুক্তির পালা। কবে দেখা মিলবে ছবির প্রচার ঝলকের?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১২:১০
Shah Rukh Khan.

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

অবশেষে মিলল উত্তর। আসছে ‘জওয়ান’। শুধু যে আসছে, তা-ই নয়, রীতিমতো গনগনে আঁচ নিয়ে পর্দায় আবির্ভাব তার। আগুনের মধ্যে থেকে তার উত্থান, একেবারে বাদশাহোচিত ভঙ্গিতে। চোখেমুখে বাঁধা ব্যান্ডেজ, তার মধ্যে থেকেও ঠিকরে বেরোচ্ছে তেজ। সেই তেজের প্রথম ঝলক মিলবে কবে? এ বার সেই তারিখ ঘোষণা করলেন খোদ শাহরুখ খান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করে শাহরুখ জানান, আগামী ১০ জুলাই সকাল ১০.৩০-এ মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলার আগের ঝলক। এই ঝলককে ‘ট্রেলার প্রিভিউ’ বলে অভিহিত করেছেন নির্মাতারা। সমাজমাধ্যমে এই ভিডিয়ো শেয়ার করে শাহরুখ ঘোষণা করেন, আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

২০১৮ সালের ভরাডুবির পরে অবশেষে ২০২৩-এ রাজসিক প্রত্যাবর্তন শাহরুখ খানের। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে। দেশ-বিদেশ মিলিয়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। এ বার পালা ‘জওয়ান’-এর। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ। খবর, আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান’। খবর, জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ়ের এই ছবির আগেই প্রেক্ষাগৃহে দেখা যেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলার। যদিও ১২ জুলাই কাছাকাছি চলে এলেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ছবির নির্মাতাদের তরফে। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন ট্রেলারের দৈর্ঘ্য। খবর, ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারেই চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। পাশাপাশি, সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবি। ছবিতে যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ, সেই খবর মিলেছিল আগেই। এ বার খবর, ট্রেলারেই একাধিক তারকার ঝলক দেখতে চলেছেন অনুরাগীরা।

‘জওয়ান’ ছবির জন্য শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন অ্যাটলি, এ কথা ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। তবে অনুরাগীদের উৎসাহ বাড়িয়েও বার বার হোঁচট খেয়েছে ‘জওয়ান’। সব জল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে ঘোষণা করা হয় ‘জওয়ান’-এর মুক্তির তারিখ। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় ‘জওয়ান’ হিসাবে ফিরতে চলেছেন বলিউডের বাদশা। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি ও সান্য মলহোত্র। বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও।

Shah Rukh Khan Jawan Atlee Vijay Sethupathi Sanjay Dutt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy