Advertisement
E-Paper

টম ক্রুজ়ের আগেই পর্দায় আসছেন বাদশা! কত ক্ষণের জন্য দেখা মিলবে ‘জওয়ান’-এর?

‘পাঠান’-এর মতো সুপারহিট ছবির পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’। তার আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৩:৩৯
Shah Rukh Khan’s Jawan trailer runtime, censor certification revealed days before the trailer drops

(বাঁ দিকে) টম ক্রুজ়। শাহরুখ খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২০১৮ সালের ভরাডুবির পরে অবশেষে ২০২৩ সালে বাদশাহোচিত প্রত্যাবর্তন শাহরুখ খানের। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির মাধ্যমে। দেশ-বিদেশ মিলিয়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি। এ বার পালা ‘জওয়ান’-এর। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়ান ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ। দীর্ঘ জল্পনার পরে অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। দীর্ঘ দিনের অপেক্ষার পর এ বার মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলার। আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘মিশন: ইমপসিবল– ডেড রেকনিং পার্ট ওয়ান’। খবর, জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ়ের এই ছবির আগেই প্রেক্ষাগৃহে দেখা যেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলার। এত দিন কানাঘুষো শোনা গিয়েছিল, ১৫ জুলাইয়ের আগেই কোনও এক দিন মুক্তি পাবে ছবির ট্রেলার। যদিও ১২ জুলাই কাছাকাছি চলে এলেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ছবির নির্মাতাদের তরফে। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন ট্রেলারের দৈর্ঘ। খবর, ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারেই চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। পাশাপাশি, সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবি। ছবিতে যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ, সেই খবর মিলেছিল আগেই। এ বার খবর, ট্রেলারেই একাধিক তারকার ঝলক দেখতে পেতে চলেছেন অনুরাগীরা।

শনিবারই সমাজমাধ্যমের পাতায় একটি ছোট্ট টিজ়ার পোস্ট করা হয়েছে রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফে। একটি ওয়াকি টকির স্ক্রিনে লেখা ‘জওয়ান’। খুব শীঘ্রই যে ছবির ট্রেলার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছেন নির্মাতারা, তা স্পষ্ট এই পোস্ট থেকেই।

‘জওয়ান’ ছবির জন্য শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন অ্যাটলি, এ কথা ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। দীর্ঘ জল্পনার পরে অবশেষে প্রকাশ্যে এসেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবির মুক্তির তারিখ। তবে অনুরাগীদের উৎসাহ বাড়িয়েও বার বার হোঁচট খেয়েছে ‘জওয়ান’। একাধিক বার ছবিমুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক ভাবে জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ছবির। তার পরে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজের কারণে সেই তারিখ পিছিয়ে যাওয়ায় অগস্ট মাসে ছবিমুক্তির কানাঘুষো শোনা গিয়েছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে ঘোষণা করা হয় ‘জওয়ান’-এর মুক্তির তারিখ। আগামী ৭ সেপ্টেম্বর বড় পর্দায় ‘জওয়ান’ হিসাবে ফিরতে চলেছেন বলিউডের বাদশা। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি ও সান্য মলহোত্র। বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও।

Jawan Shah Rukh Khan Bollywood Movie Tom Cruise Movie Trailer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy