Advertisement
E-Paper

Hungama 2: রাজের গ্রেফতারিতে ‘হাঙ্গামা ২’-এর মুক্তি আটকাবে না, শিল্পাকে আশ্বাস প্রযোজকের

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৬:২২
রাজের গ্রেফতারে  ‘হাঙ্গামা ২’-এর মুক্তি আটকাবে না

রাজের গ্রেফতারে ‘হাঙ্গামা ২’-এর মুক্তি আটকাবে না

১৯ জুলাই পর্ন ছবি কাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ২৩ জুলাই ডিজনি, হটস্টারে মুক্তি পাওয়ার কথা শিল্পা শেট্টি অভিনীত ছবি ‘হাঙ্গামা ২’-এর। এই ছবি দিয়েই ১৪ বছর পরে অভিনয় দুনিয়ায় ফিরছেন রাজ-ঘরনি। রাজের গ্রেফতারি কি সেই ছবির মুক্তির পথে কাঁটা হয়ে দাঁড়াবে?

বিষয়টি নিয়ে মুম্বই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ছবির প্রযোজক রতন জৈন। তাঁর দাবি, রাজ কুন্দ্রা-বিতর্ক তাঁর ছবিতে প্রভাব ফেলবে না। শিল্পার স্বামীর গ্রেফতারি ছবির মুক্তিও আটকাবে না। প্রযোজকের পাল্টা প্রশ্ন, "হাঙ্গামা ২’-এর মুক্তি কেন পিছবে?" তাঁর যুক্তি, ছবিতে শিল্পা অভিনয় করেছেন, তাঁর স্বামী নন। যাবতীয় অভিযোগ রাজের বিরুদ্ধে। মুম্বই প্রশাসন এখনও শিল্পার বিরুদ্ধে কোনও অভিযোগ আনতে পারেনি। তাই ছবির মুক্তি পিছোবে না।

শিল্পা শেট্টির সঙ্গে স্বামী রাজ কুন্দ্রা।

শিল্পা শেট্টির সঙ্গে স্বামী রাজ কুন্দ্রা।

রতন আরও জানিয়েছেন, ছবিতে অভিনয়ের পাশাপাশি শিল্পা ছবির প্রচারেও অংশ নিয়েছিলেন। যাবতীয় দায়িত্ব নিখুঁত ভাবে পালন করেছেন অভিনেত্রী। তাই তাঁকে কোনও ভাবে অপমান বা আঘাত করার কথা ভাবছে না টিম ‘হাঙ্গামা ২’। প্রযোজকের আক্ষেপ, ‘‘শিল্পা কোনও ভাবেই এই অপরাধের সঙ্গে জড়িত নন। তবু তাঁর নামে অকারণে কুৎসা ছড়াচ্ছে সবাই।’’ ছবির ইতিবাচক সাড়া নিয়ে আত্মবিশ্বাসী রতনের বক্তব্য, “আমরা সৎ উদ্দেশ্য নিয়ে একটি ভাল ছবি তৈরি করেছি। লোকেরা ছবিটি তথাকথিত ‘শিল্পা শেঠি-বিতর্ক’-এর কারণে নয়, ভাল গল্পের জন্য দেখবে।"

উদাহরণ হিসেবে জৈন আরও জানান, এর আগে তিনি এমন কিছু তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন যাঁরা মাদক মামলায় জড়িত বলে অভিযোগ। প্রশাসন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। তাতে তারকাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। এ বিষয়ে তিনি আঙুল তোলেন সংবাদমাধ্যমের দিকে। কোনও তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়ো খবর পরিবেশন করেন সাংবাদিকেরা, এমনও কথা বলেন রতন। তাই রাজের গ্রেফতারি নিয়েও তাঁর মাথাব্যথা নেই। যদিও এই নিয়ে শিল্পার সঙ্গে কোনও কথা হয়নি বলে দাবি তাঁর। প্রযোজক জানিয়েছেন, অভিনেত্রী তাঁর পারিবারিক সমস্যায় বিব্রত। তাই তাঁকে এই মুহূর্তে বিরক্ত করতে চান না তিনি।

Bollywood shilpa shetty Raj Kundra Hungama 2
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy