Advertisement
E-Paper

ছেলের উপর ‘বস্‌গিরি’ অপছন্দ, সন্তানকে বড় করতে গিয়ে কোনও আক্ষেপ রয়ে গেল সোনালির?

মা হিসাবে নিজেকে নিজেই নম্বর দেন প্রতিনিয়ত। অভিনেত্রী এ বার ‘মা দি বস্‌’ নামক রিয়্যালিটি অনুষ্ঠানের সঞ্চালিকা। জানালেন মা হিসাবে তাঁর লড়াইয়ের কথা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৬:৪১
ছেলে রিয়ানের সঙ্গে সোনালী চৌধুরী।

ছেলে রিয়ানের সঙ্গে সোনালী চৌধুরী। ছবি: সংগৃহীত।

একসময়ে টেলিপাড়ার হিট ধারাবাহিকের নায়িকা সোনালি চৌধুরী। তাঁর অভিনীত ধারাবাহিকের প্রায় সবকটিই সফল। তার পর বিয়ে করেন সোনালি। মা হলেন। এর পরে খানিক স্বেচ্ছায় অন্তরালে চলে যান সোনালি। ছেলে যখন চারে পা দিচ্ছে, তখন অল্প কাজ করা শুরু করেন। তবে একসঙ্গে অনেক কাজ করতে নারাজ তিনি। পাছে ছেলে রিয়ানের ভাগের সময় কম পড়ে যায়! মা হওয়ার পর থেকে এই টানাপড়েন যেন সোনালির নিত্যসঙ্গী। মা হিসাবে নিজেকে নিজেই নম্বর দেন প্রতিনিয়ত। অভিনেত্রী এ বার ‘মা দি বস্‌’ নামক রিয়্যালিটি অনুষ্ঠানের সঞ্চালিকা। জানালেন মা হিসাবে তাঁর লড়াইয়ের কথা।

অভিনেত্রী এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ করছেন। এর পাশাপাশি ৫ জুন থেকে শুরু হচ্ছে নতুন রিয়্যালিটি অনুষ্ঠান। এর মাধ্যমে বহু বছর পর ফের সঞ্চালনায় ফিরলেন সোনালি। তিনি জানান, অভিনয় যেমন তাঁর ভাল লাগে, তেমনই সঞ্চালনা তাঁর অন্যতম পছন্দের ক্ষেত্র। কারণ, এর মাধ্যমে বহু মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়। যদিও এই অনুষ্ঠানটি করতে গিয়ে মা হিসাবে অন্য অনেক অভিজ্ঞতা হচ্ছে সোনালির। তাঁর কথায়, ‘‘প্রত্যেক মায়ের সঙ্গে প্রত্যেক সন্তানের রসায়নটা আলাদা। সেটা তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমার যেমন কখনও মনে হয়, মা হিসাবে আমি নিজেকে ১০-এ দুই দিলাম। আবার কোনও দিন মনে হয় ১০-এ আট দিলাম। নিজের সঙ্গে এই লড়াইটা প্রতিনিয়ত চলতে থাকে। এই আত্মগ্লানিতেই যেন ভুগি সর্ব ক্ষণ। এই অনুষ্ঠানে কত ‘সিঙ্গল’ মায়ের সঙ্গে আলাপ হয়েছে। কত মা তাঁর সন্তানের জন্য হাসিমুখে তাঁদের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। এই অনুষ্ঠানটা করতে গিয়ে নিজের লড়াইটা খুব ক্ষুদ্র মনে হচ্ছে।’’

সোনালির ছেলেকে দেখাশোনা করার জন্য একজন সহকারী আছেন। তবু তিনি চেষ্টা করেন, বেশির ভাগ সময়টা ছেলেকে দিতে। অভিনেত্রীর ছেলে এখন ‘কেজি ওয়ান’-এ পড়ে। তার শৈশবের প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে চান সোনালি। পাশাপাশি স্বামী বাইরে থাকায় দু-মাসে এক বার হয়তো আসতে পারেন। তাই অনেক দায়িত্বই তাঁর কাঁধে। তবে সংসার বা সন্তান মানুষ করতে গিয়ে কাজ কমে যাওয়ায় কোনও আক্ষেপ নেই সোনালির। তাঁর কথায়, ‘‘আমি যখন যেটা করি, সেটা মন দিয়ে করি। তাই আক্ষেপ নেই। আসলে আমি পরে আফসোস করতে চাই না যে, ছেলেটার বড় হওয়াটা দেখতে পারলাম না! তাই নিজেকে অনেক বেশি ব্যস্ত করিনি। সেটা হয়তো আমাদের পেশা বলেই সম্ভব, অন্য কোনও পেশায় থাকতে হয়তো পারতাম না। আমার ছেলের যাতে কখনও মনে না হয় যে, মা আমাকে সময় দিল না।’’

অনুষ্ঠানের নাম ‘মা দি বস্‌’। সোনালির সংসারে কি তিনিই বস্‌? প্রশ্ন শুনেই হেসে ফেললেন তিনি। অভিনেত্রী জানান, তিনি সংসারে ‘বস্‌গিরি’ দেখান না। তাঁর কথায়, ‘‘আমার ‘বস্‌গিরি’ শুধু কর্মক্ষেত্রে। আমার ছেলেও আামাকে খুব ভয় পায় বলে মনে হয় না। বলা ভাল, ও আমাকে খুব ভয় পাক সেটা চাই না। খুব নিয়মের বেড়াজালে আমি সন্তানকে মানুষ করতে চাই না। ওর যেটা ইচ্ছে, বরং সেটাই করুক। তবে কিছু ক্ষেত্রে যে শাসনটা প্রয়োজন, সেটা করি।’’ তবে আক্ষেপ একটাই, সব দিক সামলাতে গিয়ে সোনালির ‘মি টাইম’ কমেছে।

Sonalee Chowdhury Bengali Actress Tollywood Actor Reality show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy