টলিপাড়ায় কার সঙ্গে সমীকরণ কখন যে বদলে যায় তা বোঝা খুব কঠিন। আর ত্রিকোণ প্রেমের কাহিনি তো শোনা যায় আকছার। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, নতুন ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাকি নতুন প্রেমেরও শুরু হয়েছে। এ দিকে নায়িকা মাঝেমাঝেই নিজের প্রেমিকের সঙ্গে নানা ধরনের ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে।
তা হলে পুরনো প্রেমকে ভুলে নতুন নায়কে মন মজল নায়িকার? স্টুডিয়োপাড়ার অন্দরের গুঞ্জন, শটের ফাঁকে অনেক ক্ষণ একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। মাঝে মাঝে চা খেতেও যাচ্ছেন বেশ কিছু ক্ষণের ছুটি পেলে। এ দিকে, কিছু দিন আগেও প্রেমিকের সঙ্গে মাখোমাখো ছবি দিয়েছিলেন তিনি। তার পরে নায়ক-নায়িকার এই ঘনিষ্ঠতা দেখে অনেকেই নানা প্রশ্ন তুলছেন।
যদিও এই খবর ইন্ডাস্ট্রির অন্দরে নতুন নয়। আগেও ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নায়ক-নায়িকা। তবে এই সম্পর্কের কথা এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেত্রী। অন্য দিকে ‘প্রেমিক’ নায়ক ব্যস্ত তাঁর নিজের কাজে। তা হলে কি এই সম্পর্কও ভাঙল বলে? নাকি ধারাবাহিক শেষ হলে নায়ক-নায়িকার প্রেমও উবে যাবে?