জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘দ্য ফ্যামিলি ম্যান’ দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে প্রথম সিজ়ন মুক্তির পর থেকেই। মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় ও শারিব হাশমীর যোগ্য সঙ্গত, এই সিরিজ়কে আরও সমৃদ্ধ করেছে। মুক্তির পর থেকেই এই স্পাই-থ্রিলার সিরিজ়টি ওটিটি দর্শকের অন্যতম প্রিয় ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত হয়েছে। অ্যাকশন, সাসপেন্স এবং হাস্যরসের নিখুঁত মিশ্রণে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ভারতীয় ওয়েব সিরিজ়। মনোজের সাবলীল অভিনয় বার বার প্রশংসিত হয়েছে। অথচ, এই চরিত্রের জন্য প্রথমে নাকি মনোজের নাম ভাবাই হয়নি।
‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পরবর্তী সিজ়নের অপেক্ষায় অনুরাগীরা দিন গুনছেন। সেই আবহেই চমকে দেওয়া তথ্য প্রকাশ করলেন সিরিজ়ের অন্যতম পরিচালক রাজ নিদিমোরু। তিনিই জানালেন, শুরুতে এই সিরিজ়ের মুখ হিসাবে মনোজ নয়, ভাবা হয়েছিল অন্য এক তারকাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানান, সিরিজ়টির গল্প প্রথমে অন্য এক অভিনেতাকে মাথায় রেখেই লেখা হয়েছিল। তাঁর কথায়, প্রাথমিক ভাবে তেলুগু তারকা চিরঞ্জীবীকে নিয়েই এই সিরিজ়টির পরিকল্পনা করা হয়েছিল। শুধু তা-ই নয়, তখন এটি একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা হিসাবে তৈরি হওয়ার কথা ছিল।
রাজ বলেন, “‘দ্য ফ্যামিলি ম্যান’-এর জন্য আমাদের প্রথম পছন্দ ছিলেন চিরঞ্জীবী। আমরা গল্পটি তাঁর কথা ভেবেই লিখেছিলাম এবং একটি ছবি হিসাবে তৈরি করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, বিভিন্ন কারণে পরে এর রূপ বদলে যায় এবং এটি ওয়েব সিরিজে পরিণত হয়।”
২০১৯ সালে মুক্তির পর থেকেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ ভারতের অন্যতম সফল ওটিটি ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত হয়। পরবর্তীকালে এই সিরিজ়ে জুড়েছে সমান্থা রুথ প্রভু, জয়দীপ অহলাওয়াত, নীমরত কৌরের মতো নাম। ফ্র্যাঞ্চাইজ়ির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে রাজ জানান, তৃতীয় সিজ়নের পরে আরও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, গল্পটির পরিধি অনেক বড়। তৃতীয় সিজ়ন যেখানে থেমেছে, সেটাকে গল্পের মধ্যপথের বিরতি বলা চলে। তিনি আরও জানান, ইতিমধ্যেই চতুর্থ সিজ়নের কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে অনুরাগীদের হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।
আরও পড়ুন:
অন্য দিকে, সম্প্রতি মনোজ ইঙ্গিত দিয়েছেন যে, চতুর্থ সিজ়নই হয়তো ‘দ্য ফ্যামিলি ম্যান’ ফ্র্যাঞ্চাইজ়ির শেষ ভাগ হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের চুক্তি চতুর্থ সিজ়নের পরে শেষ হয়ে যাচ্ছে। তবে কে জানে, হয়তো হঠাৎ করেই সিরিজ়টাকে ফিরিয়ে আনার ইচ্ছা হতে পারে প্রযোজকেদের। তবে আপাতত চতুর্থ সিজ়নেই এই গল্প শেষ করার কথা।” এর পরে সিরিজ়টি চালিয়ে নিয়ে যাওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে ‘প্রাইম ভিডিয়ো’র বলেই জানান অভিনেতা।