বিমানবন্দরে তারকাদের ক্যামেরাবন্দি হওয়া নতুন নয়। তাঁদের সঙ্গে ছবিশিকারিদের মজার কথোপকথনও নতুন নয়। সম্প্রতি, অক্ষয় কুমারকেও তেমনই প্রশ্ন করেন এক ছবিশিকারি। বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসা করে বসেন যে, কোথায় যাচ্ছেন তিনি। অভিনেতার উত্তর শুনে হাসির রোল নেটদুনিয়ায়। আবার অক্ষয়ের রসবোধের প্রশংসায় অনুরাগীরা।
কালো শার্ট, ধূসর প্যান্ট পরে বিমানবন্দরে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। তাঁকে দেখেই ক্যামেরার ঝলকানি। হাসিমুখে পোজ় দেন অভিনেতাও। এরই মাঝে এক চিত্রগ্রাহক জিজ্ঞাসা করেন, “স্যার, কোথায় যাচ্ছেন?” অক্ষয়ের তাৎক্ষণিক রসবোধ সম্পর্কে অনেকেই পরিচিত। এই প্রশ্নের যে সরাসরি উত্তর দেবেন, তেমন আশা হয়তো সেই চিত্রগ্রাহকও করেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অক্ষয় উত্তর দেন, “কেন? তুই আমার মামা নাকি?” অভিনেতার কথা শুনে সঙ্গে সঙ্গে হেসে ফেলেন ওই ছবিশিকারি নিজেই। পরে অবশ্য অভিনেতা জানান যে, তিনি আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনের জন্য দিল্লি যাচ্ছিলেন।
অভিনেতা ও ছবিশিকারির মধ্যে এই হালকা মেজাজের কথোপকথন সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মন্তব্যবাক্স ভরে ওঠে অভিনেতার প্রশংসায়। কারও কারও মনে পড়ে গেল অক্ষয় অভিনীত ‘হেরা ফেরি’ ছবির রাজু চরিত্রের কথা। এক জন লেখেন, “রাজু মোড অ্যাক্টিভেটেড।” আবার এক জন লেখেন, “অক্ষয় আর ওঁর এই মশকরাগুলোর জুড়ি মেলা ভার।” আবার এক জন লেখেন, “অক্ষয়ের রন্ধ্রে রয়েছে কমেডি।”
আরও পড়ুন:
অক্ষয় আপাতত তাঁর নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে ব্যস্ত। চলছে জোরকদমে প্রচারপর্ব। এই ছবিটিও কমেডি অ্যাকশন ঘরানার। ছবিতে রয়েছেন একাধিক তারকা। সুনীল শেট্টী, দিশা পটানী, জ্যাকলিন ফার্নান্ডেজ়, লারা দত্ত, পরেশ রাওয়ল, জনি লিভার-সহ অনেকেই রয়েছেন ছবিতে। অহমেদ খান পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৬ জুন।