Advertisement
E-Paper

‘আত্মহত্যা করতে বাধ্য করবেন না’! সমাজমাধ্যমে কটাক্ষের শিকার, চরম পদক্ষেপের ‘হুঁশিয়ারি’ নৃত্যশিল্পী ডিম্পলের?

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কয়েক জন অনুরাগীর সঙ্গে ছবি তুলতে অস্বীকার করছেন নৃত্যশিল্পী ডিম্পল চৌধরী। সেই থেকেই সমালোচনা শুরু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৪:৪০
ক্ষোভপ্রকাশ নৃত্যশিল্পী ডিম্পল চৌধরীর।

ক্ষোভপ্রকাশ নৃত্যশিল্পী ডিম্পল চৌধরীর। ছবি: সংগৃহীত।

তিনি নাকি অনুরাগীর সঙ্গে ছবি তুলতে রাজি হননি, তাই সমাজমাধ্যমে হেনস্থার শিকার। এ বার আত্মপক্ষ সমর্থনে ভিডিয়ো তৈরি করলেন হরিয়ানার নৃত্যশিল্পী ডিম্পল চৌধরী। স্পষ্ট করে বললেন, ‘‘আত্মহত্যা করতে বাধ্য করবেন না, আমাকে আমার মতো ছেড়ে দিন!’’ কী এমন হয়েছে যে, এমন চরম পদক্ষেপ করতে পারেন বলে জানালেন ডিম্পল? ভিডিয়োয় তাঁর স্পষ্ট দাবি, বার বার তাঁকে অসম্মান করার চেষ্টা চলছে, যা তাঁকে মানসিক ভাবে দুর্বল করে দিচ্ছে ক্রমশ।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কয়েক জন অনুরাগীর সঙ্গে ছবি তুলতে অস্বীকার করছেন তিনি। এখানেই শেষ নয়। অনুরাগীদের সঙ্গে খানিক বিবাদেও জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার মুখে পড়েন ডিম্পল। কপালে জোটে ‘অহঙ্কারি’ তকমা। অনেকেই বলেন, তিনি নাকি ধরাকে সরা জ্ঞান করছেন।

বিতর্ক শুরু হতেই জবাব দিলেন ডিম্পল। ঠিক কী ঘটেছিল সে দিন? ডিম্পলের দাবি, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বেরিয়েছিলেন। তখনই নাকি তাঁর কাছে ছবি তোলার আবদার আসে। ডিম্পলের দাবি, একপ্রকার জোর করে, হুকুমের সুরে তাঁর সঙ্গে ছবি তুলতে চাওয়া হয়। তাতেই বিরক্ত তিনি। ডিম্পল জানান, ভদ্র ভাবে অনুরোধ করলে তিনি কখনও কোনও অনুরাগীর সঙ্গে ছবি তুলতে অস্বীকার করেন না। বরং বহু বার নিজে থেকে গাড়ি থেকে নেমেও ছবি তুলেছেন বলে জানান।

ক্ষুব্ধ ডিম্পল বলেন, ‘‘তোমরা তো ভিডিয়ো বানিয়ে বলছ, ‘আমরা ছবি তুলতে গিয়েছিলাম, কিন্তু না করে দিল। খুবই অসভ্য মেয়ে, গালাগাল দিচ্ছিল! ওর সঙ্গে এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত।’ প্রথমত, তোমাদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? এক জন মেয়ে নিজের পরিবারের সঙ্গে, ভাই-বোনেদের সঙ্গে রয়েছে, আর তোমরা গিয়ে তাকে বিরক্ত করছ! আমি কি তোমাদের কোনও ক্ষতি করেছি? যদি তোমরা ভাল করে বলতে যে, ‘ডিম্পলজি, ম্যাডামজি বা বহেনজি, একটা ছবি তুলবেন?’ তা হলে কি আমি ছবি তুলতাম না?’’

এর পরেই নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়েও খোলাখুলি কথা বলেন ডিম্পল। তিনি জানান, একটানা সমালোচনা এবং কটাক্ষ তাঁর উপর গভীর প্রভাব ফেলেছে। এমনকি আত্মহত্যার চিন্তাও তাঁর মাথায় এসেছিল বলে দাবি করেন তিনি। ডিম্পল বলেন, ‘‘এমনিতেই এই পৃথিবী আমাকে বাঁচতে দিচ্ছে না। এ বার কি আমি বাড়ির বাইরে বেরোনোও বন্ধ করে দেব? কেন এমন পরিস্থিতি তৈরি করছেন যে, আমি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হই? আমি খুব চেষ্টা করছি, যেন কোনও ভুল পদক্ষেপ না করি। আমি ভাল নেই। আমার মানসিক অবস্থা ভাল নয়। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। এমনটা করবেন না। আমি হাতজোড় করে অনুরোধ করছি। প্রয়োজনে পা-ও ধরতে পারি।’’

ডিম্পলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁর সমর্থনেও অনুরাগীদের মুখ খুলতে দেখা যাচ্ছে। যদিও তাতে সমালোচনা সে ভাবে কমেনি। তবে মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Viral Video Mental Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy