Advertisement
E-Paper

‘এত ভাল অভিনেত্রীও নই যে ডেকে কাজ দেবে’, টলিউডের অবস্থা দেখেই কি নতুন পেশায় দেবশ্রী?

“বরাবর ফ্যাশন নিয়ে কাজ করতে চেয়েছি। অবশেষে সেটা বাস্তব হচ্ছে। পরিবারের সবাই পাশে বলেই আমার স্বপ্নপূরণ হচ্ছে।”

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৯:৫৯
নতুন পেশায় দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

নতুন পেশায় দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

বোন-ভগ্নিপতি বিনোদনদুনিয়ায়। তিনি নিজেও ছবিতে, ধারাবাহিকে অভিনয় করেছেন। দেবশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর বোন। রাজ চক্রবর্তী গঙ্গোপাধ্যায় পরিবারের জামাই। দেবশ্রী অভিনয়কে সরিয়ে রেখে ফ্যাশনদুনিয়ায় পা রাখতে চলেছেন!

পোশাক নয়, অলঙ্কারের প্রতি ঝোঁক দেবশ্রীর। নিজেও নিত্যনতুন গয়নায় সাজেন। তাঁর পছন্দ মুগ্ধ করে বাকিদের। সবাই জানতে চান, “এত অন্য রকম গয়না বাছিস কোথা থেকে?” এই ভিন্ন ধারার গয়নাই দেবশ্রীর ‘ইউএসপি’। আনন্দবাজার ডট কম-কে কথায় কথায় বললেন, “বরাবর ফ্যাশন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে সেটা বাস্তব হচ্ছে। পরিবারের সবাই পাশে বলেই সেই স্বপ্নপূরণ হচ্ছে।”

মধ্যবিত্ত গয়না ভালবাসে। কিন্তু আকাশছোঁয়া দাম তাদের ইচ্ছাকে বাস্তব হতে দেয় না। দেবশ্রী সাধ্য আর সাধকে এক সুতোয় গাঁথতে চলেছেন। আগামী ছ’মাস তিনি সাধারণের জন্য গয়না বানাবেন। “তার পর ‘অসাধারণ’দের জন্য! স্বপ্ন দেখি, পর্দায় আমায় গয়নায় নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা সেজে উঠবেন।” একটু থেমে যোগ করেছেন দেবশ্রী, “বিজয় দেবরকোন্ডা বিয়েতে দেখিয়ে দিয়েছেন, পুরুষেরাও এখন গয়নায় সাজেন।” তবে তার আগে নিজেকে ভাল করে প্রস্তুত করতে চান তিনি।

Advertisement

আর অভিনয়? সেটা করবেন না দেবশ্রী? না কি বাংলা ছবির বর্তমান পরিস্থিতি দেখেই নতুন পেশায় পা রাখতে চলেছেন?

দেবশ্রীর জবাব, “অভিনয়ে পাকেচক্রে এসে পড়েছি। আপনারা ভালবেসে ‘অভিনেত্রী’র সম্মান দিয়েছেন। কিন্তু আমি তো জানি, এত ভাল অভিনেত্রী নই যে, ইন্ডাস্ট্রি ডেকে কাজ দেবে। তা ছাড়া, চরিত্রাভিনেতাদের পারিশ্রমিক খুবই কম।” সব মিলিয়ে তাই নিজের প্যাশনকেই পেশা হিসাবে বেছে নিলেন তিনি। পাশাপাশি কথা বলেছেন বাংলা ছবির বর্তমান অবস্থা নিয়েও। দেবশ্রীর কথায়, “আমি বেশ কিছু দিন শহরে ছিলাম না। ফলে, অনেক কিছুই জানি না। আশা, যদি সে রকম কিছু ঘটেও থাকে, সব ঠিক হয়ে যাবে।”

Deboshree Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy