অভিনয়ের সফর শুরু করার আগে থেকেই আলোচনায় থাকতেন সুহানা খান। ‘আর্চিজ়’ ছবিতে তাঁর প্রথম অভিনয়। বর্তমানে তিনি ‘কিং’ ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বার বার আলোচনায় উঠে আসেন শাহরুখ খানের কন্যা। অগস্ত্য নন্দের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু একসময় নাকি এক কোরিয়ান শিল্পীর প্রেমে পড়েছিলেন সুহানা।
ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে নানা রকমের প্রশ্ন করা যায় তারকাদের। সুহানাকেও এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, কোন অভিনেতার সঙ্গে তিনি প্রেম করতে চান? সেই প্রশ্নের উত্তরে সুহানা বলেছিলেন, তিনি কোরিয়ার গায়ক-গীতিকার তথা অভিনেতা কিম জুন-মিয়নের সঙ্গে প্রেম করতে চান। সেই কোরিয়ান তারকার ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। এই নাম শুনে বেশ অবাক হয়েছিলেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন:
জ়োয়া আখতারের পরিচালনায় ‘আর্চিজ়’ নামের একটি ওটিটি ছবিতে অভিনয় করেছেন সুহানা। কিন্তু অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। তার পর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। এর পরে সরাসরি বাবার ছবিতেই বড়পর্দায় দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর এই ছবি মুক্তি পাবে। এখন থেকেই বিনিয়োগেও মন দিয়েছেন সুহানা। ইতিমধ্যেই আলিবাগে ১২.৯১ কোটি টাকার জমি কিনেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও খবরে উঠে এসেছেন সুহানা। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে ঠিকই। কিন্তু সেই সম্পর্ক নিয়ে তাঁরা বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন।