Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

বছর শেষে রেড কার্পেটে হাঁটলেন স্বস্তিকা

কিন্তু এত সেজে কেউ দেখবে না তা-ও কি ভাল লাগে! তাই নিজের রেড কার্পেট লুক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন স্বস্তিকা। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২৩:৫০
সৌজন্যে: টুইটার

সৌজন্যে: টুইটার

বিদেশে গেলেন নাকি? উঁহু। চলচ্চিত্র উৎসব? নাহ। তা-ও না। করোনার দৌলতে সেসব পর্ব তো কবেই চুকেছে।

তা হলে?

ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে টুকটুকে লাল সিল্কের গাউন। গোড়ালি ছোঁয়নি। হাঁটু পর্যন্ত এসে থেমেছে পোশাকের দৈর্ঘ্য।

আবার সূক্ষ্ম প্লিটের কাজের সাহসী নেকলাইনকেও নামতে দিয়েছেন অনেক দূর। কান বা অস্কারের লাল গালচেতে এমনই পোশাকে টান টান পোজে ছবি শিকারিদের ধরা দেন আন্তর্জাতিক তারকারা... কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় কোথায় গিয়েছিলেন?

‘বাড়িতেই...' জানালেন নায়িকা।

হ্যাঁ, এই কলকাতাতেই নিজের বাড়িতে এমন সেজেগুজে বসতে হয়েছিল তাঁকে। কারণ, একটি সাক্ষাৎকার।

সম্প্রতি স্বস্তিকার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডো’ বেশ সাড়া ফেলেছে দেশে। জাতীয় স্তরে আরও বেশি পরিচিতি দিয়েছে অভিনেত্রীকে। সেই সূত্রেই জাতীয় স্তরের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার ছিল তাঁর। স্বস্তিকা জানিয়েছেন, ওই সাক্ষাৎকারের জন্য বাড়িতেই পুরো রেড কার্পেটে হাঁটার মতো প্রস্তুত হতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: গোয়ায় শিল্পার মনোকিনি বেশ, ভাইরাল মুহূর্তে

অনলাইন মিটিং প্লাটফর্মে ছিল সাক্ষাৎকারটি। তার জন্যই এত সাজগোজ। কিন্তু এত সেজে কেউ দেখবে না তা-ও কি ভাল লাগে! তাই নিজের রেড কার্পেট লুক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন স্বস্তিকা। সমাজমাধ্যমে লিখলেন, "সাক্ষাৎকারের জন্য এমন রেড কার্পেট রেডি হয়ে বসতে হল... বাড়িতেই...। ২০২০ এ ভাবেই তোমার পাওনা ফিরিয়ে দিলাম আমি। উল্লাস!"

সঙ্গে সাক্ষাৎকারের লিঙ্কও শেয়ার করেছেন অভিনেত্রী।

অবশ্য, স্বস্তিকা রেড কার্পেটে হাঁটুন বা না হাঁটুন, তাঁর হাঁটু ঝুল রেড গাউন দেখেই দিল খুশ হয়েছে ভক্তদের। কেউ লিখেছেন, "লাল আর স্বস্তিকা। একসঙ্গে অসাধারণ।" কেউ আবার লিখেছেন, "২০২০ তোমারই বছর ছিল। ফাটিয়ে দিয়েছ। এ ভাবেই এগিয়ে যাও।"

Swastika Mukherjee Celebrity Tollywood red carpet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy