Advertisement
E-Paper

Aryan-Taapsee: খ্যাতনামীদের কিছু বোঝা বয়ে বেড়াতে হয়, আরিয়ান-প্রসঙ্গে বললেন তাপসী

স্বজনপোষণ নিয়ে অকপট তাপসী। মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ায় ২৩ বছরের তারকা-পুত্রকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন তাঁর হয়ে কথা বললেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১২:২৫
আরিয়ান প্রসঙ্গে অকপট তাপসী।

আরিয়ান প্রসঙ্গে অকপট তাপসী।

তিনি ‘বহিরাগত’। বলিউডের বিখ্যাত কোনও পরিবারের সদস্য তিনি নন। ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও মামা, কাকা, জ্যাঠামশাইও নেই। নেই কোনও ‘গডফাদার’। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে উঠে এসে বলিউডে জায়গা করে নিতে এক সময় স্বজনপোষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। সেই তাপসী পান্নুর গলায় এ বার অন্য সুর। তারকা-সন্তানদের পক্ষ নিয়ে কথা বললেন তিনি।

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে নিয়ে মুখ খুলেছেন তাপসী। মাদক পার্টি থেকে আটক হওয়ায় ২৩ বছরের তারকা-পুত্রকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন তাঁর হয়ে কথা বললেন তিনি। তাপসীর কথায়, “খ্যাতনামী হলে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হবেই। এই বোঝা সব তারকার পরিবারকেই বয়ে বেড়াতে হয়।” তাপসী মনে করেন, খ্যাতনামী হওয়ার বেশ কিছু সুবিধা যেমন রয়েছেন, তেমনই অসুবিধাও বিস্তর।

নিজের অভিজ্ঞতা দিয়ে ইন্ডাস্ট্রির সাত-পাঁচ বুঝেছেন তিনি। অনেক সময় পরিচালক-প্রযোজকদের চেনা বা কাছের মানুষদের জন্য বহিরাগতরা কাজ হারানোর কথা আরও এক বার চিহ্নিত করেছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী। সম্প্রতি স্বজনপোষণ নিয়ে নিজের মতামত জানিয়েছেন সোনাক্ষী সিংহ। জানিয়েছেন, তারকা-সন্তানদের থেকেও কাজের সুযোগ কেড়ে নেওয়া হয়। ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে তাঁদেরও লড়াই করতে হয়। শত্রুঘ্ন-কন্যার কথাকে নাকচ করছেন না তাপসী। তিনি বললেন, “তারকা-সন্তানদেরও ছবি হাতছাড়া হয়। কিন্তু আমি মনে করি, বহিরাগতদের জন্য তাঁদের কাজ হাতছাড়া হয় না।”

তারক-সন্তান হওয়ার ইতিবাচক এবং নেতিবাচক হওয়ার দিকগুলো নিজের মতো করে বুঝিয়ে দিলেন স্পষ্টভাষী তাপসী।

Shah Rukh Khan Aryan Khan Taapsee Pannu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy