Advertisement
E-Paper

কাজ পাচ্ছিলেন না, চিন্তায় আচমকা ‘প্যানিক অ্যাটাক’! কী হয়েছিল ‘জুনিয়র আর্টিস্ট’ প্রণবের?

‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে তাঁকে শেষ দেখা গিয়েছিল। এ ছাড়াও ‘নেতাজি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:২১
অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যু হল কী ভাবে?

অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যু হল কী ভাবে? ছবি: সংগৃহীত।

তিনি নাকি কাজ পাচ্ছিলেন না। বেশ কিছু দিন ধরে সেই চিন্তাই গ্রাস করেছিল ‘জুনিয়র আর্টিস্ট’ প্রণব চট্টোপাধ্যায়কে। শেষ তিনি ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রোজগার না থাকার দুশ্চিন্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। অভিনেত্রী অলকানন্দা গুহ জানিয়েছেন, অনেক দিন ধরেই কাজ খুঁজছিলেন প্রণব।

প্রণবের প্রসঙ্গে অলকানন্দা বলেন, “খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, কাজ না থাকার কারণে খুব চিন্তায় থাকত। সেই থেকে হঠাৎই ‘প্যানিক অ্যাটাক’ হয়। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শুনেছি, হাসপাতালে যাওয়ার পথেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রণবের। খুব খারাপ লাগছে। এত বার কাজ চেয়েছিল। আমি কোথা থেকে দেব! তাও আমি যা প্রচারজাতীয় শুটিং করতাম, সেখানে ওকে অনেক সময় ডেকেছি কাজের জন্য। নিজের সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিকও দিয়েছি।”

অন্দরের আলোচনা, প্রণবের বয়স আনুমানিক ২৮ বছর। পরিবারের পুরো দায়িত্বই নাকি ছিল তাঁর কাঁধে। সদ্য বিয়েও করেছিলেন তিনি। প্রণবের স্ত্রীর বয়সও ২১-২২ বছরের বেশি হবে না। এ ছাড়াও পরিবারে রয়েছেন মা-বাবা, ভাই। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর খবরের পরে প্রণবের আচমকা মৃত্যুতেও শোকাহত তাঁর সহকর্মীরা।

Bengali Actor Tollywood Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy