২০২৫ সালে মহাকুম্ভের মেলায় ‘ভাইরাল’ হয়েছিলেন মোনালিসা ভোঁসলে। সেই সময় তাঁকে কুম্ভমেলা থেকে খুঁজে বার করেন পরিচালক সনোজ মিশ্র। তাঁকে রুপোলি পর্দার নায়িকা বানানোর প্রতিশ্রুতি দেন। ছবি তৈরি করেন, একাধিক সংস্থার প্রচারমুখ করে তোলেন। এমনকি তাঁকে নাকি নিজের বাড়িতে রেখে পড়াশোনাও শুরু করান সনোজ। যদিও ১৮ বছর বয়স হতেই পরিচালকের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের ছবির নায়ককে বিয়ে করেন মোনালিসা। বিয়ের পরই পরিচালক সনোজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন তিনি।
১১ মার্চ তিরুঅন্তপুরমে গিয়ে ফরমান খান নামের এক যুবককে বিয়ে করেন। ভিন্ধর্মে বিয়ের কারণে সেই আলোচনাও হয় বিস্তর। তার পর থেকেই একাধিক বার মোনালিসা বলেছেন, ‘‘আমাদের মেরে ফেলার চেষ্টা চলছে।’’ যদিও কেরল প্রশাসন তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করেছে। অথচ মোনালিসার বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ প্রকাশ করেন সনোজ। ফরমানের সঙ্গে মোনালিসার বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দেন তিনি। মোনালিসা যে হঠাৎ বিয়ে করে নেবেন, সেটা নাকি তিনি ভাবতেই পারেননি। সনোজের দাবি, মোনালিসার কারণে তিনি অবসাদে ভুগছেন। তাঁর অভিযোগ, মোনালিসাকে নাকি ওই যুবক টাকার লোভে বিয়ে করেছেন। এ বার সনোজের বিরুদ্ধে অভিযোগ তুললেন মোনালিসা।
সাংবাদিক বৈঠক করে মোনালিসা বলেন, ‘‘পরিচালক সনোজ মিশ্র আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন। এক বার নয়, দশ বার। ঘটনাটি ঘটে দেহরাদূনে, আমার ছবির শুটিং চলাকালীন। আমি বাড়ির লোককে জানিয়েছিলাম। তাঁরা কোনও পদক্ষেপ করেননি। আর ঘটনাটি যে সময় ঘটে, তখন আমি নাবালিকা ছিলাম। তাই ওঁর বিরুদ্ধে পকসো মামলা হতে পারে।’’ মোনালিসার এমন অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত মুখ খোলেননি সনোজ।