Advertisement
E-Paper

নিজেকে শেষ করে দেওয়ার আগে তুনিশা সে দিন কী করছিলেন? আসল তথ্য দিলেন সহকর্মী

বিরতির ফাঁকে এমন এক কাণ্ড করে বসবেন তুনিশা, কেউই ভাবতে পারেননি! ঠিক কী হয়েছিল ২৪ ডিসেম্বর? স্পষ্ট ছবি তুলে ধরলেন তুনিশা-কাণ্ডে অভিযুক্ত শীজ়ান খানের বন্ধু, শঙ্কর মিশ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ২০:২০
 অভিনেত্রীর এই আচরণের কোনও ব্যখ্যা কারও কাছেই নেই, বলছেন অভিনেতা শঙ্কর।

অভিনেত্রীর এই আচরণের কোনও ব্যখ্যা কারও কাছেই নেই, বলছেন অভিনেতা শঙ্কর। ছবি: সংগৃহীত

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মজা করে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিলেন তুনিশা শর্মা। ডান হাতের কব্জিতে রক্তের দাগ, মুখ বিকৃত করে ছিলেন, যেন নিজেই নিজের হাতের শিরা কেটেছেন! না, তা নয়, মেকআপ রুমে তাঁকে সাজানো হচ্ছিল তখন। ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’ সিরিয়ালের সেটে উপস্থিত সহকর্মীরা জানান, সে দিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন নায়িকা। বিরতির ফাঁকে এমন এক কাণ্ড করে বসবেন তুনিশা, কেউই ভাবতে পারেননি! ঠিক কী হয়েছিল ২৪ ডিসেম্বর?

স্পষ্ট ছবি তুলে ধরলেন তুনিশা-কাণ্ডে অভিযুক্ত শীজ়ান খানের বন্ধু, শঙ্কর মিশ্র। তিনিও সে দিন সব কিছুর সাক্ষী ছিলেন বলে জানান। তুনিশার মৃত্যুতে তাঁর মা বনিতা শর্মা অভিযোগের আঙুল তুলেছেন কন্যার প্রাক্তন প্রেমিক শীজ়ানের দিকেই। ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’ সিরিয়ালের নায়ক তিনি। তুনিশা ছিলেন নায়িকা। সিরিয়ালের সেটেই তাঁদের বচসা হয়েছিল বলে জানা গিয়েছিল এর আগে। তার পরই নাকি নিজেকে শেষ করে দেন তুনিশা! শঙ্করের দাবি, তিনি দেখেছিলেন। এমন কিছুই ঘটেনি।

দিব্যি খোশমেজাজে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তুনিশা। তাঁর মৃত্যুর আগে অবধি কেউ কিছু টের পাননি। অভিনেত্রীর এই আচরণের কোনও ব্যখ্যা কারও কাছেই নেই, বলছেন অভিনেতা শঙ্কর। অভিযুক্ত শীজ়ানের পক্ষ নিয়ে তিনি জানান, কখনও তাঁকে মাদক সেবন করতে দেখেননি। এ ধরনের কোনও আসক্তি শীজ়ানের ছিল বলেও তিনি জানতেন না। তাঁর কথায়, “তুনিশা হঠাৎ এই কাণ্ড করবে আমরা কেউ বুঝতে পারিনি। ওকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছি তখনও কেঁদে চলেছে শীজ়ান। তার পরই পুলিশ ওকে হাজতে নিয়ে যায়।”

শঙ্করই বলেন, “তুনিশা সে দিন খুব হাসিখুশি ছিল। তা ছাড়া এমনিতেও ওকে সবাই ভালবাসত। বাচ্চাদের মতো আতুপুতু করে রাখা হত ওকে শুটিংয়ের সেটেও।” আর শীজ়ান? বন্ধুর কথায়, “ও খুব শান্তশিষ্ট ছেলে। আমি ওকে কোনও দিন রেগে যেতেই দেখিনি। কারও সঙ্গে দুর্ব্যবহার করা দূরে থাক। তুনিশার সঙ্গে আমি ওকে খারাপ কিছু করতে দেখিনি। মাদকও নিত না।”

এ দিকে পুলিশ সূত্রে খবর, প্রেমিক তথা সহ-অভিনেতা শীজ়ানের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর, সিরিয়ালের সেটে জীবন শেষ করে দিয়েছেন তুনিশা। যে ঘটনা বিনোদন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। ‘আত্মহত্যা’ বলে মানতে পারছেন না তুনিশার মা বনিতা শর্মা। তাঁর দাবি, শীজ়ানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। তাঁর দাবি, মাদক সেবন করতেন অভিনেতা। আরও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থেকে তুনিশাকে ঠকিয়েছেন বলেও অভিযোগ। শুধু তা-ই নয়, তুনিশাকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন শীজ়ান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে শীজ়ানকে।

Tunisha Sharma Sheezan Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy