Advertisement
E-Paper

অভিনয় থেকে শতহাত দূরে, তবু মেয়ে মৃগাক্ষী কোনও অভিনেতাকে জীবনসঙ্গী বাছলে মেনে নেবেন টোটা?

“ইন্ডাস্ট্রিতে মেধার কোনও দাম নেই। আর আমার মেয়ে খুব মেধাবী। তাই ওকে পড়াশোনার দুনিয়াতেই পাঠালাম”, এই প্রথম মেয়েকে নিয়ে অকপট অভিনেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩
কেন টোটা রায়চৌধুরীর মেয়ে অভিনয়ে এলেন না?

কেন টোটা রায়চৌধুরীর মেয়ে অভিনয়ে এলেন না? ছবি: ফেসবুক।

সদ্য টোটা রায়চৌধুরীর দুটো ‘লুক’ প্রকাশ্যে। একটিতে তিনি চেনা চেহারায়। দ্বিতীয়টিতে তিনি মুণ্ডিতস্তক! ভ্রূহীন, প্রস্থেটিক রূপটানে অচেনা। সূত্রের খবর, সম্ভবত একটি হিন্দি সিরিজ়ে অভিনয় করছেন তিনি।

প্রযোজনা সংস্থার নিয়ম মেয়ে তাঁর আগামী কাজ নিয়ে টোটা নীরব। বদলে এই প্রথম আনন্দবাজার ডট কম-এর কাছে প্রকাশ্যে অভিনেতার ‘ব্যক্তি’ সত্তা। তিনি অনর্গল একমাত্র কন্যাকে নিয়ে। টোটা-শর্মিলি রায়চৌধুরীর একমাত্র সন্তান মৃগাক্ষী। জন্ম থেকে বাবাকে নানা রূপে পর্দায় অভিনয় করতে দেখছেন। টলিউড বলে, অভিনেতার কন্যাও পরমাসুন্দরী। মা-ও একসময়ে মডেলিং করেছেন। বাবার কল্যাণে অভিনয় তাঁর রক্তে। তার পরেও কেন টোটা মেয়েকে অভিনয়ে আসতে দিলেন না? জানতে চাইতেই অভিনেতার স্পষ্ট জবাব, “কোনও দিন মেয়েকে আটকাইনি। এখনও চাইলে অভিনয়ে আসতেই পারে। কিন্তু বরাবর ও পড়াশোনায় আগ্রহী। তাই ওকে পড়াশোনার দুনিয়াতেই পাঠালাম।” অভিনেতার আশঙ্কা, অনিশ্চিত বিনোদনদুনিয়ায় তাঁর মেধার যোগ্য মূল্যায়ণ যদি না হয়!

হিন্দি সিরিজ়ে টোটার নতুন লুক।

হিন্দি সিরিজ়ে টোটার নতুন লুক। ছবি: ফেসবুক।

ছোট থেকেই মৃগাক্ষী মেধাবী। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা তরুণী বেঙ্গালুরুতে থাকেন। কোডিং নিয়ে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পড়াশোনা শুরু করবেন শীঘ্র। “মাঝে চাকরিও করেছে। ওকে বলেছিলাম, শুধুই পড়লে হয় না। হাতেকলমে কাজ জানতে হয়”,বক্তব্য টোটার। বাবার কথা মেনে মাঝে পেশাজীবনেও পা রেখেছেন। প্রথম উপার্জন থেকে বাবা-মাকে কী উপহার দিল মেয়ে? উত্তর দেওয়ার আগে মৃদু হাসি। টোটা বললেন, “দিতে চেয়েছিল অনেক কিছু। বারণ করেছি। বলেছি, সঞ্চয় করতে শেখো। ভবিষ্যতে কাজে লাগবে।” মৃগাক্ষী শুনেছেন সে কথা।

অনেক মেধাবীই কিন্তু পড়াশোনার দুনিয়া ভুলে বিনোদনদুনিয়ায় পা রেখেছেন। সেই তালিকা নেহাৎ ছোট নয়...। সে কথা মেনে নিয়েছেন টোটাও। বলেছেন, “অবশ্যই ইন্ডাস্ট্রিতে মেধাবী রয়েছেন। কিন্তু সব মেধাবী অভিনেতার মেধার সঠিক মূল্যায়ণ হয় কি? আমার মেয়ে মাধ্যমিকে কম্পিউটার সায়েন্সে একশোয় একশো পেয়েছে। তখনই বুঝে গিয়েছি, ও কোন দিকে যাবে।” তাঁর আরও বক্তব্য, “বাবার লড়াই দেখে হোক বা যে কারণেই হোক, ও ছোট থেকে এ সব থেকে দূরে। আমাদের সঙ্গে ছবিও চট করে দিতে চায় না। বলে, সবাই ওকে ‘টোটা রায়চৌধুরীর মেয়ে’ বলে ডাকেন! তার উপর ঘন ঘন ছবি বেরোলে নিজের পরিচয় তৈরি করতে আরও সমস্যা হবে।”

মা শর্মিলি, বাবা টোটার মধ্যমণি মৃগাক্ষী।

মা শর্মিলি, বাবা টোটার মধ্যমণি মৃগাক্ষী। ছবি: সংগৃহীত।

এ দিকে বলিউড, টলিউড যে সুন্দরী নায়িকা হারাল! “আমি গর্বিত, আমার মেয়ে নিজের পরিচয়ে, নিজের মতো করে বেড়ে উঠছে”, বললেন টোটা। তবে বাবার সঙ্গে কয়েকটি বিষয়ে খুব মিল মৃগাক্ষীর। বাবার মতো শরীরচর্চা করেন। নিয়ম মেনে চলেন। সৎ, পরিশ্রমী। অভিনয় থেকে দূরে রাখার পরেও যদি কন্যা কোনও অভিনেতাকেই জীবনসঙ্গী বাছেন? একটু কি থমকে গেলেন টোটা! দম নিয়ে বললেন, “পেশা যা-ই হোক, মানুষটা যেন ভদ্র, সৎ, পরিশ্রমী হন।”

Tota Roy Chowdhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy