কথা ছিল, তাঁর গল্প নিয়ে তৈরি হবে দেবের পুজোর ছবি। পরিচালকও তিনি। প্রথম যখন দেব ঘোষণা করলেন তাঁর নাম, অনুরাগীরা আশা করেছিলেন, ‘খাদান’-এর মতোই আবার ব্লকবাস্টার ছবি হতে চলছে। দেবের ঘোষণার পর পরিচালক সুজিত রিনো দত্তও ঘোষণা করেন, গল্পের পাশাপাশি ‘দেশু ৭’ তিনিই পরিচালনা করবেন।
মাস দেড়েকের ব্যবধানে বড় বদল! দেবের পুজোর ছবি ‘দেশু ৭’-ই। আগের ঘোষণা অনুযায়ী ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবি দিয়ে দেড় বছর পরে ‘নিষিদ্ধ’ তকমা উঠতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের। তিনিও অভিনয় করছেন এই ছবিতে। কিন্তু বদলে গিয়েছেন পরিচালক। সুজিত রিনো নন, এই ছবি দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব স্বয়ং!
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। ছবির কাহিনি-চিত্রনাট্যও তাঁর। অর্থাৎ, ‘দেশু ৭’-এর কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালক এবং প্রযোজক দেব।
খোদ দেব ঘোষণা করার পরেও সুজিত রিনো নেই কেন? দেবের কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। তিনি জানিয়েছেন, তিনি নন, এর উত্তর দেবেন রিনো। এর পরেই যোগাযোগ করা হয় তাঁর সঙ্গেও। প্রথমে দেবের ঢঙেই রিনোও লিখিত বার্তায় জানান, ‘এমনি’! পরে লেখেন, “দর্শক শুধু সিনেমা দেখুক, সিনেমা চর্চা করুক। তার বাইরে সবটাই তাদের জন্য অপ্রাসঙ্গিক।”
এই সম্পর্ক কি অতীত? ছবি: ফেসবুক।
কিন্তু সব কিছুই কি ‘এমনি’ ‘এমনি’ হয়? ‘খাদান’-এর মতো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পরেই কী কারণে সুজিত রিনো নেই?
টলিউডের অন্দরের গুঞ্জন অনুযায়ী, দুটো কারণ নাকি এর নেপথ্যে। এক, রিনোর গল্প নাকি দেবের পছন্দ হয়নি। তাই তিনি নিজের কাঁধেই গল্প এবং চিত্রনাট্য লেখার দায়িত্বও তুলে নিয়েছেন। তাই যদি হবে তা হলে রিনো সরলেন কেন? অনেক সময়েই গল্পের পরিবর্তন ঘটে। নতুন গল্প নিয়েই কাজ করে পূর্বনির্দিষ্ট পরিচালক। রিনোর ক্ষেত্রে অন্যথা হচ্ছে কেন? দ্বিতীয় কারণ বলছে, দেব নাকি অনেক দিন ধরেই বড় বাজেটের ছবি পরিচালনায় হাত রাখতে চেয়েছিলেন। ‘খাদান’, ‘রঘু ডাকাত’-সহ একাধিক ছবিতে তাই অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি কার্যনির্বাহী পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে ‘দেশু ৭’-এর থেকে এই মুহূর্তে বড় বাজেটের ছবি বাংলায় অন্তত নেই। ফলে, দেবের ইচ্ছাকে মর্যাদা জানিয়েই নাকি সরে দাঁড়িয়েছেন সুজিত রিনো।