Advertisement
E-Paper

ধারাবাহিকে তো নারী উদ্ধার কমিটি হচ্ছে, আমি ৯০ শতাংশ কাজ বাধ্য হয়ে করেছি: ঋষি কৌশিক

তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকে। তার পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে, তিনি ছোটপর্দায় থেকে দূরে। এখন কী করছেন ঋষি কৌশিক?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৮:৫৮
কেন ছোটপর্দা থেকে দূরে ঋষি কৌশিক?

কেন ছোটপর্দা থেকে দূরে ঋষি কৌশিক? ছবি: সংগৃহীত।

অভিনেতা ঋষি কৌশিককে নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। তাঁকে অনেক দিন ছোটপর্দায় দেখা যাচ্ছে না। তা নিয়েও সকলের মনে রয়েছে অনেক প্রশ্ন। তাঁকে শেষ দেখা গিয়েছিল, ‘এসআইটি বেঙ্গল’ ধারাবাহিকে। তার পরে ‌বেশ কয়েক মাস কেটে গিয়েছে, তিনি ছোটপর্দায় থেকে দূরে। এখন কি ভ্রমণেই বেশি মন দিয়েছেন তিনি?

নায়কের স্পষ্ট জবাব, “ওগুলো বড়লোকি ভাষা। ট্রাভেল বা ভ্রমণ যা-ই বলুন তার জন্য টাকা লাগে। সে সব নয়, আমার সময় কেটে যায়। অসম গিয়েছিলাম। সেখান থেকে অরুণাচলপ্রদেশে গিয়েছিলাম। এ ছাড়াও সময় কেটে যায়। জিমে যাই। বন্ধুদের সঙ্গে আড্ডাও রয়েছে।”

তা হলে তিনি কি ধারাবাহিকে এই মুহূর্তে অভিনয় করবেন না? নিশ্চয়ই একের পর এক সুযোগ আসছে। অভিনেতা বললেন, “এখন তো হয়ে গিয়েছে ছোটপর্দায় সব নারী উদ্ধার কমিটি। মেয়েটিই দশভুজা। আর বাকিরা ফুলদানি হয়ে দাঁড়িয়ে আছে। আর তা ছাড়া বিনোদনের এখন অনেক মাধ্যম রয়েছে। রিল দেখেই তো কেটে যাচ্ছে।” এই জন্যই কি রাজি হচ্ছেন না অভিনেতা?

তিনি যোগ করেন, “আমার মতে যদি নায়িকাকে একটা জায়গা দেওয়া হয়, সে ক্ষেত্রে একই রকমের জায়গা প্রাপ্য নায়কেরও। আমি সেই যুক্তিতেই বিশ্বাসী। তাও কি কাজ করিনি? করেছি তো। কিন্তু আমি মনে করি, ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য। এই কথাটা স্বীকার করতে সবাই ভয় পায়।” তাই ধারাবাহিকে অভিনয়ের কথা হলেও রাজি হওয়ার জায়গায় পৌঁছোতে পারছেন না অভিনেতা।

তিনি বলেন, “হ্যাঁ, এই কারণে তো আমাকে অর্থনৈতিক দিক থেকেও অনেক সমঝোতা করতে হয়। নিজের মত অনুযায়ী কাজ করার চেষ্টা করি। অবশ্যই এই কারণে একটা হতাশা কাজ করে। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করতে রাজি নই। আমি অভিনয় জীবনের ৯০ শতাংশ কাজই বাধ্য হয়ে করেছি। নিজের কোনও কাজ তাই দেখিনি।” বেশ কিছু ঐতিহাসিক চরিত্রের সুযোগ এসেছিল। কিন্তু দাঁড়ি, গোঁফ লাগিয়ে সেই সব চরিত্রে অভিনয় করার ইচ্ছা নেই তাঁর। তাই আপাতত সঠিক চরিত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন ঋষি কৌশিক।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy