Advertisement
E-Paper

শহরে বাংলাদেশি অভিনেতাদের কাজে আপত্তি! রুদ্রনীলের সঙ্গে টেকনিশিয়ানদের বৈঠকে উঠল প্রস্তাব

পড়শি দেশের সঙ্গে সম্পর্কে রাজনৈতিক পালাবদল কি প্রভাব ফেলবে? ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি হবে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:০১
টেকনিশিয়ান এবং বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের বৈঠক।

টেকনিশিয়ান এবং বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের বৈঠক। নিজস্ব ছবি।

‘ঘরের ছেলে’র কাছে আবদার ছিল ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের। মুখোমুখি বসতে হবে তাঁদের সঙ্গে। শুনতে হবে অভাব-অভিযোগ। গত ১৪ বছর ধরে যা নীরবে সয়েছেন তাঁরা। দীর্ঘ দিনের সহকর্মী টেকনিশিয়ানদের অনুরোধ রেখেছেন বিজেপির অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। বুধবার সন্ধ্যায় তিনি টেকনিশিয়ান স্টুডিয়োয় দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। সেখানেই ‘শিল্প নির্দেশনা’ বিভাগের (আর্ট ডিরেকশন) জনৈক টেকনিশিয়ানের অনুযোগ, “শহরে বাংলাদেশি অভিনেতারা এসে কাজ করে যাচ্ছেন। এটা মেনে নিতে পারছি না। এই দিকটা যদি বিবেচনা করেন।”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়ের পরে রুদ্রনীলের সঙ্গে টেকনিশিয়ানদের এটাই ছিল প্রথম বৈঠক। সেই বৈঠকের সাক্ষী সাংবাদিকেরাও। ক্যামেরার সামনেই ওই টেকনিশিয়ান নিজের বক্তব্যের সপক্ষে একাধিক যুক্তি দেন। আশঙ্কা প্রকাশ করেন। তাঁর মতে, “ও পার বাংলা থেকে কলকাতায় এসে শুটিং করে যান বাংলাদেশের অভিনেতা, পরিচালকেরা। টেকনিশিয়ানেরা যথাযথ পারিশ্রমিক পান না। ফলে, লাভ হয় বাংলাদেশের প্রযোজকদের। ভিন্‌দেশ থেকে এ দেশে এসে শুটিং করে লাভবান হবেন, কেন এটা হতে দেওয়া হবে?” তাঁর আরও দাবি, কাজ করতে এসে শহরের অনেক খুঁটিনাটি সম্পর্কে তাঁরা জেনে যান। ওই টেকনিশিয়ানের মতে, এত খুঁটিনাটি তথ্য জেনে যাওয়া বোধহয় মঙ্গলজনক নয়।

ওই টেকনিশিয়ানের অনুরোধ কি আদৌ গ্রাহ্য হবে? উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করেন রুদ্রনীলকে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, “বিষয়টির পরিধি এবং গুরুত্ব অনেক। এটি আন্তর্জাতিক একটি বিষয়। এ রকম ঘরোয়া বৈঠকে এর নিষ্পত্তি এবং সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। একই সঙ্গে আমি বা বাকি আরও তিন জন যাঁরা টলিউডের দায়িত্বে রয়েছেন, আমরা কোনও সিদ্ধান্ত নিতেও পারি না।” অভিনেতা-রাজনীতিবিদ জানিয়েছেন, বিষয়টি দুই দেশের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করছে। এ বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। তিনি বিষয়টি দেশের শীর্ষমহলে অবশ্যই পৌঁছে দেবেন।

Bangladesh BJP Rudranil Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy