পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারবেন। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত বিনামূল্যে করা হয়েছে। দূরপাল্লার সরকারি বাসেও সেই সুবিধা উপলব্ধ থাকবে। কিন্তু কোনও মহিলাযাত্রী বাসে উঠলেই কি এই সুবিধা পাবেন? না কি কোনও কার্ড কিংবা পরিচয়পত্র দেখাতে হবে? এ নিয়ে নানা জল্পনা চলছে। বিষয়টি স্পষ্ট করল সরকারি পরিবহণ সংস্থা।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অর্থাৎ এসবিএসটিসি এবং এনবিএসটিসির বাসগুলিতে আগামী মাসের শুরুতেই চালু হয়ে যাবে শুভেন্দুর সরকারের নয়া বিধি। কিন্তু মহিলা হলেই যে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, বিষয়টি তেমনটি নয়। সেই জন্য সঙ্গে থাকতে হবে উপযুক্ত প্রমাণপত্র। রাজ্য সরকার এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, মহিলা যাত্রীদের বিনামূল্যে সফরের ক্ষেত্রে ১০টি প্রমাণপত্রের মধ্যে যে কোনও একটি থাকতে হবে। এই ১০টি পরিচয়পত্র হল— আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট, সার্ভিস আই কার্ড এবং পাবলিক লিমিটেড কোম্পানির পরিচয়পত্র।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সদর দফতর কোচবিহারে। প্রতি দিন গড়ে সাড়ে পাঁচশো থেকে ছ’শো বাস সেখান থেকে বিভিন্ন রুটে যাতায়াত করে। মহিলাযাত্রীদের বিনামূল্যে যাতায়াতের বিষয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিল্লাই বলেন, ‘‘আগামী ১ জুন ভোর থেকে যে বাস গন্তব্যের উদ্দেশে রওনা দেবে, সেই বাস থেকেই কার্যকর হবে নয়া বিধি।’’ তিনি জানান, সরকার থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। তাতে যে দশটি পরিচয়পত্রের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনও একটি পরিচয়পত্র রাখতে হবে সংশ্লিষ্ট মহিলাযাত্রীকে। কন্ডাক্টর যখন টিকিট কাটার জন্য যাবেন, সেই সময় পরিচয়পত্র দেখাতে হবে।
আরও পড়ুন:
পাশাপাশি, মহিলাযাত্রী পশ্চিমবঙ্গের বাসিন্দা কি না সেটাও নিশ্চিত করা হবে। দীপঙ্কর জানান, পরে ইলেকট্রনিক টিকিট মেশিন (ইটিএম) থেকে শূন্য ভাড়ার একটি টিকিট দেওয়া হবে মহিলাযাত্রীকে।