মালদহের কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলামের কণ্ঠস্বর পরীক্ষা করাতে চায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই কারণে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নগর দায়রা আদালতে (বিচার ভবন) আবেদন জানাল তারা। একই সঙ্গে মোথাবাড়ির ঘটনায় মোফাক্কেরুলকে আরও একটি মামলায় যুক্ত করার আবেদনও জানানো হয়েছে।
এসআইআর নিয়ে মালদহের মোথাবাড়িতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ, বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের একাংশ বিচারকদের ঘেরাও করেছিলেন। গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়। এর পর মামলা স্বতঃপ্রণোদিত ভাবে শোনে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এনআইএর হাতে ঘটনার তদন্তভার দেয়।
আরও পড়ুন:
মোথাবাড়ির ঘটনায় মোফাক্কেরুলকে ‘মূলচক্রী’ হিসাবে আদালতে উল্লেখ করেছিল পুলিশ। অভিযোগ ওঠে, ওই অশান্তির আগে কালিয়াচকে টোটোয় উঠে ভাষণ দিয়েছিলেন মোফাক্কেরুল। তাঁর সেই ভাষণ অশান্তিতে প্ররোচনা জুগিয়েছিল বলেও অভিযোগ। ঘটনায় নাম জড়ানোর পর থেকেই পলাতক ছিলেন মোফাক্কেরুল। পরে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছিল আক্রামুল বাগানি নামের এক ব্যক্তিকে। অভিযোগ, আলিপুরদুয়ার থেকে বাইকে চেপে মোফাক্কেরুলকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন তিনি। এনআইএ দু’জনকেই নতুন এক মামলায় যুক্ত করার আবেদন জানিয়েছে। একই সঙ্গে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান বলেও আদালতে জানান কেন্দ্রীয় তদন্তকারীরা।