আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্র। তাও আবার নিখরচায়। পোর্টালে বিনামূল্যে ইউআইডি কার্ড বা আধারের নথি আপডেট করার শেষ তারিখ ছিল চলতি বছরের ১৬ জুন। বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে অনলাইনে নথি জমা দেওয়ার সময়সীমা আরও এক বছর বৃদ্ধি করল কেন্দ্র। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ইউআইডিএআই। সেই নির্দেশিকায় বলা হয়েছে, আধার কার্ডধারীরা আগামী ১৪ জুন, ২০২৭ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে যুক্ত নথি আপডেট করতে পারবেন।
আরও পড়ুন:
‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে আগামী এক বছরের জন্যে নিখরচায় গ্রাহকেরা এই পরিষেবাটি পেতে পারবেন। চলতি বছরের ১৬ জুন নিখরচায় আধার কার্ডের অনলাইন নথি জমার শেষ তারিখ ধার্য করেছিল কেন্দ্র। এই বছর দ্বিতীয় বারের জন্য বিনামূল্যে আধার কার্ডের নথি জমার শেষ তারিখ সম্প্রসারিত করল ইউআইডিএআই।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘মাইআধার’-এর মাধ্যমে যদি আধার ব্যবহারকারী তাদের পরিচয়পত্র এবং ঠিকানার নথি আপডেট করতে তারা কোনও খরচ ছাড়াই অনলাইনে তা করতে পারবেন। এই বিনামূল্যের আপডেট সুবিধাটি শুধুমাত্র পোর্টালের মাধ্যমেই পাওয়া যাবে। অনলাইনে আধার কার্ডের নথি আপলোড করতে হলে প্রথমে ‘মাইআধার’ পোর্টালে লগ ইন করতে হবে। আধার নম্বর ব্যবহার করে এটা করতে পারবেন গ্রাহক। লগ ইনের সময় লিখতে হবে ক্যাপচা। আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই নম্বরটি দিলে তবেই খুলবে পোর্টাল।
আরও পড়ুন:
এক্স-এ (পূর্বতন টুইটার) পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে ইউআইডিএআই আরও জানিয়েছে যে এম-আধার অ্যাপটি শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। তার বদলে আধার কার্ড ব্যবহারকারীরা এখন নতুন আধার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। নতুন অ্যাপটিতে সুরক্ষিত কিউআর-ভিত্তিক আধার, তথ্যের গোপনীয়তা নিয়ন্ত্রণের মতো সুরক্ষার বন্দোবস্ত রয়েছে। আধার পরিষেবাগুলি যাতে গ্রাহকেরা আরও নির্বিঘ্নে পেতে পারেন সেই বৈশিষ্ট্য যোগ করা হয়েছে নতুন উন্নত আধার অ্যাপটিতে।