আরও এক জন আইনজীবীকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করল সরকার। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন বিল্বদল ভট্টাচার্য। দিন দুয়েক আগেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছিল আর এক আইনজীবী রাজদীপ মজুমদারকে।
কলকাতা হাই কোর্টের সিনিয়র আইনজীবী বিল্বদল। অতীতে তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর ছিলেন। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আদালতে সওয়াল করেছেন। পরে সেই পদ থেকে সরে যাওয়ার পরে পশ্চিমবঙ্গ বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনেক ব্যক্তিগত মামলায় সওয়াল করেছেন বিল্বদল। পালাবদলের পর সেই আইনজীবীকেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল করা হল। বিল্বদলের মতো রাজদীপও কেন্দ্রের ডেপুটি সলিসিটর ছিলেন।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরের অনেক বদল ঘটেছে। আগের সরকারের আমলে উচ্চপদে কর্মরত অনেকে পদত্যাগও করেছেন। শুরু হয়েছে নতুন নিয়োগও। সেই ধারা বজায় রেখেই নিয়োগ হচ্ছে রাজ্যেই আইনি সেলেও। অনেকেই মনে করেন, ক্ষমতার হাতবদল হলে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। রাজ্যের যে মামলাগুলি আদালতে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে নতুন সরকারের। তা ছাড়া, নতুন সরকারের নতুন নীতি থাকে। তা মেনে কাজ করতে হয় অ্যাডভোকেট জেনারেলদের। তবে দুই অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ হলেও এখনও পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেনি সরকার।