Advertisement
E-Paper

‘ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছে চেন্নাই!’ রুতুরাজদের বিরুদ্ধে অভিযোগ ক্ষুব্ধ শ্রীকান্তের

চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ প্রথমে বলেন, মহেন্দ্র সিংহ ধোনির পায়ের পেশিতে চোট। তার পর বলা হয় উরুতে চোট। তার পর বলা হয় দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ধোনিকে প্রথম একাদশে রাখা যাচ্ছে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৮:২৩
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বার বার মহেন্দ্র সিংহ ধোনির অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে দেওয়া হলেও তাঁকে একটি ম্যাচেও খেলায়নি চেন্নাই। তা নিয়েই সুর চড়িয়েছেন শ্রীকান্ত। তাঁর অভিযোগ সমর্থকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

শ্রীকান্তের দাবি, চেন্নাই কর্তৃপক্ষ, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং গোটা মরসুম জুড়ে সমর্থকদের অনিশ্চয়তার মধ্যে রেখেছেন। ধোনিকে নিয়ে আগ্রহ জিইয়ে রাখতেই এমন করা হয়েছে বলে অভিযোগ শ্রীকান্তের। বৃহস্পতিবার গুজরাত টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে সরব হয়েছেন শ্রীকান্ত।

ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক বলেছেন, ‘‘মরসুম শুরুর আগে বলা হয়েছিল, ধোনির পায়ে চোট রয়েছে। কয়েকটি ম্যাচ পরে মাঠে নামবেন। তার পরও ফ্লেমিং, রুতুরাজেরা একই কথা বলে গিয়েছে। বার বার বলা হয়েছে, সম্ভবত পরের ম্যাচে খেলবে ধোনি।’’ শ্রীকান্ত আরও বলেছেন, ‘‘একটা সময়ের পর থেকে প্রতি ম্যাচের আগে ধোনির অনুশীলনের ভিডিয়ো দেওয়া হয়েছে। বোঝানো হচ্ছিল, ধোনি সম্পর্ণ ফিট। যেন পরের ম্যাচেই খেলবে। আবার পরে ম্যাচে টসের সময় বলা হয়েছে, ধোনি সম্পূর্ণ ফিট নয়!’’

চেন্নাই কর্তৃপক্ষ প্রথমে বলেন, ধোনির পায়ের পেশিতে চোট। তার পর বলা হয় উরুতে চোট। তার পর বলা হয় দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ধোনিকে দলে রাখা যাচ্ছে না। শ্রীকান্তের বক্তব্য, ধোনির মতো ক্রিকেটারকে নিয়ে প্রথমেই অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। তিনি বলেছেন, ‘‘সিএসকে মরসুমের প্রথমেই বলে দিতে পারত, ধোনিকে সব ম্যাচে পাওয়া যাবে না। সমর্থকেরা সেই মতো ভাবত। মানসিক ভাবে তৈরি থাকতে পারত। এই ধরনের বিভ্রান্তি কেন? এগুলো বন্ধ হওয়া উচিত। ধোনি খেলতে না পারলে, সেটা পরিষ্কার করে বলা উচিত। সমস্যা কী! প্রতি বার শুধু একই কথা বলা হয়েছে— সম্ভবত পরের ম্যাচে খেলবে।’’

তবে ধোনির পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মনে করেন শ্রীকান্ত। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বলেছেন, ‘‘ধোনিকে খেলতেই হবে, এমন দাবি এখন আর কেউ তুলবে না। সত্যি বলতে, এখন আর ধোনির অভাব অনুভূত হয় না। সকলে জানতে চায়, ধোনি সাজঘরে থাকছে কিনা। নিঃসন্দেহে ধোনি আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার। অন্যতম সেরা অধিনায়কও। এটা মানতে অসুবিধা কোথায়?’’ ক্ষুব্ধ শ্রীকান্ত আরও বলেছেন, ‘‘সম্ভবত খেলবে, সম্ভবত খেলবে বলে সমর্থকদের আশা জিইয়ে রাখা হয়েছে শুধু। এটার প্রয়োজন ছিল না।’’

শুভমন গিলের দলের কাছে বৃহস্পতিবার শেষ ম্যাচে ৮৯ রানে হেরে গিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৯ রান করে গুজরাত। জবাবে ১৩.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এ বারের আইপিএল শেষ করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
CSK MS Dhoni Kris Srikkanth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy