Advertisement
E-Paper

নাট্যচর্চায় ফের সাড়া পড়বে, আশা শহরে

বর্তমানে রায়গঞ্জে মোট ১৩টি নাটকের দল রয়েছে। শতবর্ষ উদযাপনে মিলিত ভাবে গঠন করা হয়েছে রায়গঞ্জের শতবর্ষ নাট্যচর্চার উৎসব উদযাপন কমিটিও। চলতি বছরের শেষ থেকে শুরু হয়ে আগামী বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। যেখানে শতবর্ষ পূর্বে রায়গঞ্জে অভিনীত নাটক ‘মেবার পতন’ নাটকটি অভিনীত হবে নতুন আঙ্গিকে। এ ছাড়াও থাকবে নাটকের কর্মশালা, উত্তরবঙ্গ ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা সহ বিশাল কর্মকাণ্ড।

বিবেকানন্দ সরকার

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০২:৩৯
ইনস্টিটিউট মঞ্চে চলছে নাটকের মহড়া। নিজস্ব চিত্র।

ইনস্টিটিউট মঞ্চে চলছে নাটকের মহড়া। নিজস্ব চিত্র।

বর্তমানে রায়গঞ্জে মোট ১৩টি নাটকের দল রয়েছে। শতবর্ষ উদযাপনে মিলিত ভাবে গঠন করা হয়েছে রায়গঞ্জের শতবর্ষ নাট্যচর্চার উৎসব উদযাপন কমিটিও। চলতি বছরের শেষ থেকে শুরু হয়ে আগামী বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই নাট্য উৎসব। যেখানে শতবর্ষ পূর্বে রায়গঞ্জে অভিনীত নাটক ‘মেবার পতন’ নাটকটি অভিনীত হবে নতুন আঙ্গিকে। এ ছাড়াও থাকবে নাটকের কর্মশালা, উত্তরবঙ্গ ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা সহ বিশাল কর্মকাণ্ড।

ছোট নাট্য সংস্থাগুলির এখন টিকে থাকাই যেখানে সমস্যা, সেখানে এই উৎসবের হাত ধরে নাট্যচর্চায় আবার সাড়া পড়বে বলে আশাবাদী শহরের মানুষ। নাট্যকার অশোক বন্দ্যোপাধ্যায়ের মতে, জেলায় নাট্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষের সংখ্যা যথেষ্ট রয়েছে। নতুন প্রজন্মের অনেকের মধ্যেই ভালো নাট্যকার, নির্দেশক, অভিনেতা হওয়ার অনেক গুণও রয়েছে, কিন্তু পরিকাঠামোগত বেশ কিছু সমস্যার কারণে প্রতিভাবান যুবকেরা নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছেন না। তিনি মনে করেন, নাটককে শক্তিশালী করতে গেলে প্রয়োজন প্রাথমিক শিক্ষার স্তর থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত নাট্যচর্চার ব্যবস্থা করা। যেখান থেকে নতুন প্রজন্ম এগিয়ে আসবে নাট্য প্রযোজনার দিকে। এ ছাড়াও আলো মঞ্চকে ব্যবহার এবং আবহ, অভিনয় সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন রয়েছে যথেষ্ট। এ ছাড়াও বিজ্ঞানসম্মত উপায়ে নাট্য মঞ্চের অভাব রয়েছে বহু দিন থেকেই। প্রেক্ষাগৃহের অভাবে গ্রীষ্মকালে নাটক মঞ্চস্থ করা প্রায় অসম্ভব হয়ে পরে। অপেশাদার নাটকের দলগুলোর নাট্য প্রযোজনার ক্ষেত্রে সরকারি আর্থিক অনুদানের ব্যবস্থা থাকার দাবি করেছেন অশোকবাবু।

নাট্য শিল্পী তথা রায়গঞ্জের শতবর্ষ নাট্য চর্চার উৎসব উদযাপন কমিটির অন্যতম সদস্য নীলাদ্রি সরকার মনে করেন, কলকাতার তুলনায় বহুলাংশে পিছিয়ে রয়েছে জেলা তথা রায়গঞ্জের নাট্যচর্চা। বহু প্রতিকূলতা থাকা সত্ত্বেও গত দু-তিন বছরে শহরের নাট্যচর্চার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে। বিগত কয়েকবছরে নাটক দেখার মতো দর্শক পাওয়া যাচ্ছিল না, তবে ইদানিং আবার শহরের মানুষ নাটক দেখার জন্য প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন। প্রবীণদের পাশাপাশি তরুণরাও নাটক দেখতে আসছেন। নাটকের দলগুলোও নতুন উদ্যমে কাজ করতে পারছে এবং নতুন নতুন নাটক পরিবেশন সুযোগ মিলছে তাদের। কমিটির অন্যতম কর্মকর্তা সনাতন দত্ত বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন নতুন দল গঠন করে প্রতি সপ্তাহে নাটকের আসর বসানোর পরিকল্পনা গ্রহণ করার কাজ খুব শীঘ্রই শুরু হবে।

Advertisement

তবে শুধু টিকিট বিক্রি করে নাটক প্রযোজনা করা কোনও মতেই সম্ভব নয় বলে নাট্যকর্মীদের দাবি। একটি নাটক পরিবেশন করার জন্য প্রয়োজনীয় সামগ্রী রায়গঞ্জের মতো ছোট শহরে মেলে না। বাধ্য হয়েই কলকাতার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ফলে ব্যয়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সরকারি সাহায্য না মিললে এই সমস্যা মিটবে না বলেই মনে করেন নাট্যকর্মীরা।

পাশাপাশি এটাও ঠিক, সব সময়েই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা ঠিক নয়। এক নাট্যকর্মী বলেন, ‘‘সরকারের মুখাপেক্ষী হয়ে থাকার বদলে নাটকের প্রচারে জোর দিতে হবে। নাটকের প্রযোজনার খরচ কমানোর দিকে জোর দিতে হবে। সর্বোপরি ভাল নাটক করতে হবে, ‘‘যাতে মানুষ তা দেখতে আসেন।’’

রায়গঞ্জের শতবর্ষ নাট্যচর্চার উৎসব উদযাপন কমিটির সভাপতি সুশীল গোস্বামী জানান, এই কর্মকাণ্ডে থাকবে নাটকের কর্মশালা, মুখাভিনয়, পথ নাটক, বিদ্যালয়ের ছেলে মেয়েদের নাটক প্রতিযোগিতা-সহ একাধিক অনুষ্ঠান। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর বিভিন্ন নাট্যগোষ্ঠীর দ্বারা পরিবেশিত নরক গুলজার, আর্কিমিডিসের মৃত্যু এবং অরণ্যদেব সহ একাধিক নাটক। থাকবে নাটক নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা। যেমন উত্তরবঙ্গ ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা, অণু নাটক প্রতিযোগিতা, সকল উচ্চ বিদ্যালয়গুলির পড়ুয়াদের নাটক প্রতিযোগিতা। এ ছাড়াও বহিরাগত নাট্য ব্যক্তিত্যদের নিয়ে আলোচনা সভারও ব্যবস্থা করা হবে অনুষ্ঠানে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy