আগামী ৩ অগস্ট থেকে শুরু হচ্ছে নাট্য সংস্থা সৃজনসেনা আয়োজিত নাট্যমেলা। ‘আনন্দলোক এক পশলা বৃষ্টি নাট্য উৎসব’ শীর্ষক এই নাট্যমেলা চলবে ৭ অগস্ট পর্যন্ত বলে জানিয়েছেন সৃজনসেনার অন্যতম নির্দেশক পার্থপ্রতিম মিত্র। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটক শুরু হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রথম দিন ৬ টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সুকুমার রায়ের ছোটগল্প ও ছড়া অবলম্বনে বোম্বাগড়ের রাজা, রক্তকরবী, রামধনুর খোঁজে, ভোঁ কাট্টা, ম্যানিকুইন নাটকগুলি মঞ্চস্থ হবে। এছাড়া কলকাতার আরশি প্রযোজিত নাটক লেডি ম্যাকবেথ কিংবা পুতুলের চিঠি থাকবে বিশেষ আকর্ষণ। এর মধ্যে সৃজনসেনার নিজস্ব প্রযোজনায় চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানিয়ে ম্যানিকুইন নজর কাড়বে বলে দাবি সংস্থার। এছাড়া বোম্বাগড়ের রাজা নাটকের জন্য অভিনব ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। বিভিন্ন মানুষ নিজের খরচে ১০ জন শিশু-কিশোরকে ওই নাটক দেখাবেন। উদ্বোধনেও থাকছে চমক। উদ্বোধন করবেন মেক-আপ আর্টিস্ট শক্তিপদ আইচ।