ইংরেজি সেই প্রবাদটি মনে পড়ে? যার অর্থ ছিল, রোজ একটি আপেল খেলেই চিকিৎসকের থেকে দূরে থাকা যায়। তার মানে, রোগভোগের ঝুঁকি কমিয়ে ফেলা। আপেলের একাধিক পুষ্টিগুণের পাশাপাশি ফাইবারের গুরুত্ব তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। একখানি ছোট আপেলে ৩.৫ গ্রাম ফাইবার পাওয়া যায়। মাঝারি আকারের ফলে সেই সংখ্যাই ছুঁয়ে যায় প্রায় ৪.২ গ্রাম।
ফাইবারের প্রয়োজনীয়তা কী?
ফলমূল, শাকসব্জি, বাদাম ও বীজে ভরপুর ফাইবার থাকে। আর চিকিৎসক রোজের খাওয়ার থালায় ভরে ভরে ফাইবার রাখার পরামর্শ দেন। ফাইবার প্রধানত হজম প্রক্রিয়া উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। উচ্চ ফাইবারযুক্ত খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, দ্রবণীয় ফাইবার শরীরে শর্করার শোষণের গতি ধীর করে দিতে পারে। এ ছাড়াও, ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের রোগ এবং টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি কমায়। পাশাপাশি অন্ত্রের উপকারী ব্যাক্টেরিয়াকে পুষ্টির জোগান দিতে পারে এবং প্রদাহজনিত সমস্যা কমাতেও সাহায্য করে। ফলে ফাইবার যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট।
আর কী কী ফলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যাবে?
পেয়ারা
এক কাপ পেয়ারা খেলে শরীরে ফাইবার মিলবে প্রায় ৯ গ্রাম। তা ছাড়া এতে রয়েছে ভরপুর প্রোটিনও। গোটা ফল কামড়ে খেতে পারেন, অথবা কেটে কেটেও খেতে পারেন।
অ্যাভোকাডো
একটি অর্ধেক ফলে ফাইবার রয়েছে ৭ গ্রাম। স্বাস্থ্যকর ফ্যাটে ভর্তি এই ফল স্যালাডে, টোস্টে বং পাস্তায় মিশিয়ে খাওয়া হয়। কেউ কেউ আবার শুধুও খেয়ে নেন।
নাশপাতি
একটি মাঝারি আকারের নাশপাতি থেকে ৫.৫ গ্রাম ফাইবার পাওয়া যায়। তা ছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। ফলে গোটা ফল খেলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়।
পারসিমন
জলে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার ভর্তি রয়েছে পারসিমনে। মাঝারি আকারের পার্সিমনে প্রায় ৬ গ্রাম ফাইবার পাওয়া যায়। তা ছাড়া পুষ্টিগুণে ভরপুর এই ফল। ভিটামিন এ, সি, ই, কে-তে পরিপূর্ণ। পাশাপাশি পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ়েরও ভাল উৎস এই ফল।
ব্ল্যাকবেরি
১৫ গ্রাম ব্ল্যাকবেরি ফলে রয়েছে ৮ গ্রাম ফাইবার। মিষ্টি এই ফল নানা ধরনের ডেসার্টে ব্যবহার করা যায় টপিং হিসাবে। এই ফলটি দিয়ে জ্যাম, জেলি বা কেকও বানানো হয়।