Advertisement
E-Paper

কড়া ডায়েট না-পসন্দ! সারা দিন কী খেয়ে তন্বী চেহারা ধরে রাখেন রকুলপ্রীত?

ছিপছিপে চেহারা ধরে রাখতে রকুলপ্রীত নিয়ম মানেন ঠিকই, তবে ডায়েট নিয়ে কড়াকড়ি না-পসন্দ তাঁর। আর পাঁচজন নায়িকার মতো তিনি কঠিন ডায়েট করে ফিট থাকার পক্ষপাতী নন, বদলে জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকেই গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। সারা দিন কী খেয়ে থাকেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০
রকুলপ্রীত সিংহ।

রকুলপ্রীত সিংহ। ছবি: সংগৃহীত।

তন্বী, সুন্দরী নায়িকা রকুলপ্রীত সিংহের সৌন্দর্যের অনুরাগী কম নেই। ফিটনেস নিয়ে ভীষণ সচেতন অভিনেত্রী। সমাজমাধ্যমে ফিটনেস নিয়ে পরামর্শও দেন মাঝেমধ্যেই। এমন ছিপছিপে চেহারা ধরে রাখতে রকুলপ্রীত নিয়ম মানেন ঠিকই, তবে ডায়েট নিয়ে কড়াকড়ি না-পসন্দ তাঁর। আর পাঁচজন নায়িকার মতো তিনি কঠিন ডায়েট করে ফিট থাকার পক্ষপাতী নন, বদলে জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকেই গুরুত্ব দিয়ে এসেছেন। সারা দিন কী খেয়ে থাকেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোজের ডায়েটে তিনি কী খান সেই নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। অভিনেত্রী বলেন, ‘‘আমি দিন শুরু করি গরম জল দিয়ে, তার পর দারচিনি অথবা হলুদ মিশিয়ে জল খাই। খানিক ক্ষণ পর আমি ৫টি ভেজানো কাঠবাদাম, একটি ভেজানো আখরোট আর ঘি কফি খাই।’’

শরীরচর্চার পর রকুলপ্রীত প্রোটিন স্মুদি খেতে পছন্দ করেন। প্রাতরাশে তিনি খান চিড়ের পোলাও আর ডিম, অথবা স্প্রাউট্‌স চিলা। রকুলপ্রীত বলেন, ‘‘দুপুরের খাবারে আমি সাধারণত ভাত অথবা জোয়ার রুটি খাই। সঙ্গে থাকে সব্জি এবং মাছ বা মুরগির মতো কোনও একটি প্রোটিন। বিকেল ৫টা নাগাদ চিয়া বীজের পুডিং অথবা দই দিয়ে ফল বা পিনাট বাটার টোস্ট খাই। শুটিং চলাকালীন খিদে পেলে কাঠবাদাম খাই।” নায়িকা আরও জানান যে তিনি সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন। রাতে অল্প মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং শাকসব্জিই থাকে তাঁর রোজের ডায়েটে।

রকুলপ্রীত মনে করেন, রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নিলে শরীর আর মন দুই-ই ভাল থাকে। অভিনেত্রীর মতে, রাতের খাবার তাড়াতাড়ি খেলে ঘুম ভাল হয়, হজম ভাল হয়, রোগাও হওয়া যায়।

Weight Loss Diet Plan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy