Advertisement
E-Paper

একঘেয়ে রুটি-তরকারি, স্যান্ডউইচ নয়, অফিসের টিফিনও হোক স্বাদে ভরা, ১০ মিনিটের ৩ রান্না জানুন

অফিসের টিফিনও হতে পারে লোভনীয়। তাড়াহুড়োর সময়ে ১০ মিনিটই যথেষ্ট। কী কী রাখবেন সেই তালিকায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:২১

ছোটরা যাতে স্কুল থেকে টিফিন ফেরত না আনে, সে জন্য মায়েদের চিন্তার অন্ত থাকে না। পাল্টে পাল্টে মুখরোচক খাবার দেওয়া হয় তাদের। কিন্তু বড় হয়ে গেলেই কি রোজ একঘেয়ে টিফিন খেতে হবে? সকালের তাড়াহুড়ো সামলে অফিসের টিফিন বাক্সে কখনও রুটি-তরকারি, কখনও আবার দই-ওট্‌স বা স্যান্ডউইচই ঠাঁই পায়। কিন্তু দিনভরের খাটাখাটনি সামাল দিতে হলে শরীরের যেমন খেয়াল রাখতে হবে তেমনই জিভের খেয়াল রাখাও জরুরি। স্বাদ বদলে কী কী নিতে পারেন?

সুইটকর্ন-পনির স্যালাড

সুইট কর্ন, পনির দিয়ে বানিয়ে নিন প্রোটিনে ভরপুর স্যালাড।

সুইট কর্ন, পনির দিয়ে বানিয়ে নিন প্রোটিনে ভরপুর স্যালাড। ছবি:সংগৃহীত।

সুইটকর্ন ছোট-বড় সকলেরই পছন্দের। সম্ভব হলে জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা, রোস্ট করা বেসন, নুন, লঙ্কাগুঁড়ো, টিক্কা মশলা এবং সর্ষের তলে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে পনিরের টুকরো তাতে মাখিয়ে রাতভর ফ্রিজে রেখে দিন। যদি হাতে সময় না থাকে কড়াইয়ে অল্প মাখন দিয়ে সুইটকর্ন এবং নুন, লঙ্কা মাখানো পনির অল্প আঁচে হালকা করে ভেজে নিন। এর মধ্যে লেটুস, লঙ্কা, পেঁয়াজ কুচি, লেবুর রস, গোলমরিচ মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্যালাড। এর সঙ্গে আলাদা করে নিন পছন্দের একটি ফল।

Advertisement

লেমন রাইস

লেমন রাইস বানিয়ে ফেলুন টিফিনে। রান্না হবে চটজলদি।

লেমন রাইস বানিয়ে ফেলুন টিফিনে। রান্না হবে চটজলদি। ছবি:সংগৃহীত।

তালিকায় রাখতে পারেন লেমন রাইস। হালকা টক স্বাদের পাতিলেবুর রস দেওয়া খাবারটি অরুচির মুখে স্বাদ ফেরায়। কড়াইয়ে তেল দিয়ে শুকনোলঙ্কা, সর্ষে, কারিপাতা ফোড়ন দিন। আদা কুচি যোগ করে দিয়ে দিন অল্প হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো। এবার ঝরা ভাত দিয়ে নাড়াচাড়া করে নিন। যোগ করুন স্বাদ মতো নুন। উপর থেকে ছড়িয়ে দিন পাতিলেবুর রস এবং গ্রেট করে নেওয়া পাতিলেবুর খোসার উপরিভাগ। এর সঙ্গে নিতে পারেন রায়তা কিংবা ঝাল কষা আলুরদম।

কাবলি ছোলা

কাবলি ছোলাও টিফিনের ভাল খাবার হতে পারে।

কাবলি ছোলাও টিফিনের ভাল খাবার হতে পারে। ছবি:সংগৃহীত।

কাবলি ছোলা প্রোটিনে ভরপুর। ছোলা নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ অল্প ভেজে, টম্যাটো দিয়ে কষিয়ে সেদ্ধ কাবলি ছোলা একটু জল-সহ রান্না করে নিন। উপর থেকে ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। যোগ করুন পাতিলেবুর রস। শুধুই খাওয়া যায় এটা। এর সঙ্গে নিতে পারেন পরোটাও।

১০ মিনিটে রাঁধতে হলে কিছু প্রস্তুতি আগাম করে রাখা যায়। যেমন কাবলি ছোলা আগের রাতেই সেদ্ধ করে রাখতে পারেন। গত রাতের ফ্রিজে রাখা ভাত দিয়েই লেমন রাইস বানাতে পারেন। পনির টিক্কা খেতে চাইলে আগের রাতেই ম্যারিনেট করে নিতে পারেন।

Lunch box ideas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy