Advertisement
E-Paper

কোন তেলে রান্না করেন ঘরে? স্মৃতি বাড়াতে ও মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষায় কিসে রাঁধা উচিত জানেন?

মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষায় নানাবিধ খাবারের পাশাপাশি তেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন এক তেল রয়েছে, যার দৌলতে মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষা ও স্মৃতিশক্তি বৃদ্ধি সম্ভব বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:৩৩
কোন তেলে রান্না করবেন?

কোন তেলে রান্না করবেন? ছবি: সংগৃহীত।

মস্তিষ্কের সুস্থতা শুধু মানসিক ব্যায়ামের উপর নয়, খাবারের উপরেও অনেকটা নির্ভর করে। আপনি কী খাবার খাচ্ছেন, তার উপর নির্ভর করছে সামগ্রিক স্বাস্থ্য। তবে কেবল খাবার নয়, তা বানানোর পদ্ধতির দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। যেমন, মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষায় নানাবিধ খাবারের পাশাপাশি তেলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্ষের তেল বা সাদা তেলেই সাধারণত রান্না হয় বাঙালির ঘরে। কিন্তু তার বাইরেও নানা ধরনের তেল রয়েছে, যার মধ্যেও স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান থাকে। তেমনই এক তেল রয়েছে, যার দৌলতে মস্তিষ্কের স্বাস্থ্যরক্ষা ও স্মৃতিশক্তি বৃদ্ধি সম্ভব বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা। আর তা হল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল।

কী ভাবে মস্তিষ্কের জন্য এই তেল কার্যকরী? আর কোন কোন তেল রয়েছে, যা মস্তিষ্কের জন্য উপকারী? বিস্তারিত জানালেন পুষ্টিবিদ অনন্যা ভৌমিক।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করুন।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করুন। ছবি: সংগৃহীত

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের পুষ্টিগুণ

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিফেনল এবং নানা ধরনের ভিটামিন। এই উপাদানগুলি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, স্নায়ুর প্রদাহ কমাতে পারে এবং কোষকে সুরক্ষা দেয়। মস্তিষ্কের কোষও এর ব্যতিক্রম নয়। ফলে নিয়মিত এই তেল খেলে মস্তিষ্কের কোষ দীর্ঘ দিন সুস্থ থাকতে পারে এবং মস্তিষ্কের কাজ করার ক্ষমতা উন্নত হতে পারে। পাশাপাশি, স্মৃতিশক্তিও ভাল থাকতে পারে। মানবদেহে অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যাকে বলা হয় ‘গাট–ব্রেন অ্যাক্সিস’। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খান, তাঁদের অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার বৈচিত্র বেশি থাকে। তাই হজম ভাল রাখার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতাও উন্নত করতে সাহায্য করতে পারে সেগুলি।

পুষ্টিবিদ জানাচ্ছেন, একটি গবেষণায় দেখা গিয়েছে, ৬ মাস ধরে টানা প্রতি দিন ৩০ মিলিলিটার করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেয়ে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়েছে। তা ছাড়া ভূমধ্যসাগরীয় ডায়েটের (মেডিটেরেনিয়ান ডায়েট) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা অলিভ-অয়েল সমৃদ্ধ খাবার খেয়েছেন, তাঁদের কগনিটিভ কর্মক্ষমতা উন্নত হয়েছে এবং সেই সংক্রান্ত দুর্বলতার ঝুঁকি কমেছে। পুষ্টিবিদের মতে, ডিমেনশিয়ার ঝুঁকিও কমে এতে।

মূলত কম আঁচের রান্নার জন্য এই তেল উপযুক্ত। মাঝারি আঁচেও অবশ্য রাঁধা যেতে পারে। স্যালাড মাখার সময়ে এই তেল ছড়িয়ে দিলে ভাল হয়। তা ছাড়া রান্না হয়ে যাওয়া খাবারের উপর দিয়ে অলিভ অয়েল ছিটিয়ে দেন অনেকে। বাজারে যে সাধারণ বা রিফাইন্ড অলিভ অয়েল পাওয়া যায়, তা অনেক ক্ষেত্রে বেশি প্রক্রিয়াজাত। এই প্রক্রিয়ার ফলে তেলের অনেক উপকারী উপাদান নষ্ট হয়ে যায়। কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যান্ত্রিক পদ্ধতিতে তৈরি হওয়ায় এতে সেই পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ণ থাকে।

অনন্যার মতে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ছাড়াও সর্ষের তেল, কাঠবাদামের তেল, তিসির তেল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবচেয়ে বেশি ভাল। বাড়িতে রোজ যে তেল দিয়ে রান্না হয়, সেই সর্ষের তেলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, মনোস্যাচুরেটেড ফ্যাট এবং নানা প্রকার ভিটামিন, যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দরকারি।

Cooking Oil cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy