Advertisement
E-Paper

ফুটবল জ্বরে কাবু! রাত জেগে বিশ্বকাপ দেখতে গিয়ে দিনভর ঝিমোচ্ছেন, সুস্থ থাকার উপায় কী

রাত জেগে, ভোর থেকে ফুটবল দেখছেন? সতর্ক না হলে শরীর খারাপ অনিবার্য। সুস্থ থাকতে কী কী করা প্রয়োজন পরামর্শ দিলেন চিকিৎসক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:১৮
রাতভর জেগে ফুটবল দেখছেন। সুস্থ থাকতে কী করবেন?

রাতভর জেগে ফুটবল দেখছেন। সুস্থ থাকতে কী করবেন? ছবি: এআই দিয়ে নির্মিত।

আমেরিকা, কানাডা, মেক্সিকো থেকে দূরে থেকেও ফুটবল জ্বরে কাবু ভারত। গভীর রাত, ভোর, সকাল— ম্যাচ যখনই হোক ক্লান্তি নেই ফুটবলপ্রেমীদের। মেসি থেকে এমবাপে, রোনাল্ডো পছন্দের তারকার সমর্থনে গলা ফাটাতে ক্লান্তি নেই সমর্থকদের।

ফুটবল উত্তেজনা যতই থাক, রাত জেগে, ভোরে উঠে খেলার মাসুল দিতে হতে পারে শরীরকে। সতর্ক করছেন চিকিৎসকেরাই। ২০ জুলাই পর্যন্ত ফিফা বিশ্বকাপ চলবে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলছেন, ‘‘টানা কম ঘুম হলে শরীর খারাপ হতে বাধ্য। তার উপর চা-কফি পানের অভ্যাস তৈরি হলে, ক্ষতির বহর বাড়বে। তাই খেলা দেখা এবং ঘুমে সামঞ্জস্য থাকা প্রয়োজন। রাত জাগলে জল খেতে হবে। স্বাস্থ্যকর খাওয়াও জরুরি।’’

রাত জাগার বিপদ কোথায়?

দুই রাত ঘুম ঠিক না হলেই, নেমে আসে ক্লান্তি। ঢুলুনি। এমন পরিস্থিতির সঙ্গে সকলেই পরিচিত। তবে দিনের পর দিন ঘুমে ঘাটতি হলে হার্ট থেকে লিভার, কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। নষ্ট হতে পারে হরমোনের ভারসাম্য। কম ঘুম মানেই হজমের গোলমাল।

সুবর্ণ মনে করাচ্ছেন, উচ্চ রক্তচাপ, কিডনি বা লিভারের সমস্যা, হার্টের রোগী বা ডায়াবেটিকদের জন্য এমন অভ্যাস বিপজ্জনক। কারণ, রাত জাগলে হরমনোর ওঠা-পড়া যেমন হতে পারে তেমন ইনসুলিন রেজ়িস্ট্যান্স বেড়ে যাবে, রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। প্রভাব পড়তে পারে বিপাকহারে। বিপাকহারের গতি কমলে, ওজন বেড়ে যেতে পারে। হজমের সমস্যা হলে, পর্যাপ্ত ঘুম না হলে হার্টের রোগীদেরও শরীর অসুস্থ হয়ে পড়তে পারে।

তা হলে উপায়?

রাতে বা খুব ভোরে উঠে খেলা দেখতে হলে, দিনের অন্য সময় ঘুমিয়ে নিতে হবে। এখন প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ফলে হাইলাইট ম্যাচ দেখা যায় ওটিটিতেও। পছন্দের দলের খেলা সরাসরি দেখে, দিনের অবসর সময়ে হাইলাইট ম্যাচ দেখা যেতে পারে।

সুস্থ থাকতে আর কী করণীয়?

পানীয়: রাত জাগতে হলে পানীয় নয়, খেলার দেখার উত্তেজনায় জাগতে হবে, পরামর্শ চিকিৎসকের। কারণ, মদ, কার্বোনেটেড পানীয় বা চা-কফি উল্টে শরীরের ক্ষতি করবে। সুবর্ণর কথায়, কোনও কিছু না খেয়ে জল খেলেই হবে। একান্তই কিছু খেতে চাইলে চিনি ছাড়া গ্রিন টি, ক্যামোমাইল টি খাওয়া যেতে পারে, তবে বেশি নয়। খুব খিদে পেলে মাখানা, শুকনো ছোলা অল্পমাত্রায় খাওয়া যায়। কেক, পেস্ট্রি, চিপ্‌স, মিষ্টি, ভাজাভুজিতে কঠোরভাবে না বলছেন চিকিৎসকেরা।

পায়াচারি: খেলা চলাকালীন টানা বসে না থেকে বিরতির সময় একটু হাঁটাহাটি করে নেওয়া ভাল। অনেকেই আধ শোয়া হয়ে টিভি দেখেন বা ল্যাপটপে খেলা দেখেন। এতে কাঁধে, ঘাড়ে ব্যথা হতে পারে। খেলা দেখার সময় বসার ভঙ্গি ঠিক রাখা প্রয়োজন।

চোখের যত্ন: ঘর অন্ধকার করে টিভি, ল্যাপটপ বা মোবাইলে খেলা দেখলে চোখের উপরেও চাপ পড়ে। স্ক্রিন থেকে বেরোনো ব্লু লাইট চোখের জন্য এবং ত্বকের জন্যও ক্ষতিকর। ক্ষতি এড়াতে একেবারে ঘর অন্ধকার করে খেলা না দেখাই ভাল। মোবাইলে বা ল্যাপটপে ব্লুলাইট প্রতিরোধী স্ক্রিন ব্যবহার করা যায়। ব্লুলাইট প্রতিরোধে সক্ষম এমন চশমাও পরতে পারেন।

খেলা দেখার আনন্দ তখনই থাকবে, যখন শরীর ভাল থাকবে। সুস্থ থাকার জন্য ছোটখাটো কৌশল মানলেই চলবে।

football World Cup footballs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy